ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কেন্দুয়ায় কুকুরের কামড়ে একদিনে সাতজন আহত

কেন্দুয়ায় কুকুরের কামড়ে একদিনে সাতজন আহত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ করে কুকুরের উপদ্রব উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও কিশোর-কিশোরীরা বেশি ঝুঁকিতে রয়েছে।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত রোববার দিনভর অন্তত ৭ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রে জানা গেছে, পুরো উপজেলায় কমপক্ষে ২০ জন কুকুরের কামড়ের শিকার হয়েছেন। এদের মধ্যে অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন, যাদের তথ্য আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়নি।

আক্রান্তদের মধ্যে শিশু ও ১৫ বছরের নিচের কিশোর-কিশোরীর সংখ্যাই বেশি, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। ভুক্তভোগীদের অভিযোগ, অধিকাংশ কুকুরই পূর্ণবয়স্ক এবং কোনো ধরনের উসকানি ছাড়াই পথচারীদের ওপর আক্রমণাত্মক আচরণ করছে। হঠাৎ এমন পরিস্থিতির কারণে সাধারণ মানুষের চলাফেরায় ভীতি তৈরি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রিফাতুল ইসলাম বলেন, কুকুরের উপদ্রব নিয়ে আগে আলোচনা হয়েছে এবং খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সবাইকে সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দেন।

এদিকে, কুকুরের কামড়ে আক্রান্তদের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না থাকায় রোগীদের বাইরে থেকে উচ্চমূল্যে কিনতে হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইম হাসান জানান, শুধুমাত্র বিশেষায়িত হাসপাতাল ও জেলা সদরেই সরকারিভাবে কুকুরের ভ্যাকসিন পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভ্যাকসিন সরবরাহ করা হয় না। এ ঘটনায় আহত সাংবাদিক কাউসার তালুকদারসহ স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

বর্তমান পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের দ্রুত ও কার্যকর উদ্যোগই পারে এই ঝুঁকি নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত