
ঈদের আনন্দ শেষে ফেরার পথেই নিভে গেল একটি পরিবারের চারটি প্রাণ। কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুফতি আব্দুল মমিন, তার স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নোয়াখালী সেনবাগে ও লক্ষ্মীপুর তিতারকান্দিজুড়ে। গতকাল শুক্রবার বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার তিতারকান্দি গ্রামে শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারজনকে দাফন করা হয়। এর আগে স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। একসঙ্গে চারজনের জানাজা ও দাফনের দৃশ্য উপস্থিত সবাইকে স্তব্ধ করে দেয়। এলাকায় শোকে ছায়া নামে। পারিবারিক সূত্র জানায়, মমিন ঢাকার মোহাম্মদপুরের জামিয়া মোহাম্মদীয়া মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন। ঈদের ছুটি কাটাতে পরিবার নিয়ে গ্রামে এসেছিলেন। ছুটি শেষে বৃহস্পতিবার স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকায় ফেরার পথে কুমিল্লার মিয়ামি হোটেল এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই গাড়িচালক নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় মুফতি মমিন, তার স্ত্রী ঝরনা বেগম, ছেলে সাইদ আশরাদ ও মেয়ে লাবিবাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।