
চুয়াডাঙ্গায় ৭টি স্থলে পুঁতে রাখা মাইন নিষ্ক্রিয় করেছে সেনাসদস্যরা। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মাঠে যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোম ডিসপোজাল টিম নিরাপদে এসব মাইন নিষ্ক্রিয় করে। মাইনগুলো নিষ্ক্রিয়ের সময় আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিকালে ওই গ্রামের কৃষকরা জমি চাষের সময় ল্যান্ডমাইন সদৃশ বস্তু দেখতে পান। পরে খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে সেগুলো শনাক্ত করে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় এক মাস পর আজ সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এসব স্থল মাইন পুঁতে রাখে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প (৩৬ এডি)-এর ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান এবং ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মোহাম্মদ খালিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।