
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া ‘অচেনা’ বন্যপ্রাণীর হামলায় এক গৃহবধূসহ অন্তত ৫টি গবাদি পশু জখম হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলার ধনতলা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গ্রামবাসীর গণপিটুনিতে একটি বন্যপ্রাণী মারা গেছে। বন বিভাগ সেটিকে খেঁকশিয়াল দাবি করলেও স্থানীয়দের দাবি এটি ‘হায়না’, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, গত শুক্রবার দুপুরে মন্ডলপাড়া গ্রামের মইনুল হকের স্ত্রী আমেনা বেগম (৪০) বাড়ির কাজ শেষে বাইরে বের হলে দুটি বন্যপ্রাণী তাকে আক্রমণ করে। তিনি পালানোর চেষ্টা করলে একটি প্রাণী তার নাকে কামড়ে দেয়। এরপর প্রাণী দুটি উন্মুত্ত হয়ে সামনে থাকা প্রায় ৫টি গরুকে কামড় দিয়ে জখম করে।
আমেনার চিৎকারে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে বন্যপ্রাণী দুটির সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
একপর্যায়ে একটি প্রাণী পালিয়ে গেলেও অন্যটিকে ধরে ফেলেন উত্তেজিত জনতা। গণপিটুনিতে প্রাণীটির মৃত্যু হলে সেটিকে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। আহত আমেনা বেগম আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যার পর থেকে গ্রামবাসীরা লাঠি ও মশাল হাতে দলবেঁধে পাহারা দিচ্ছেন।