
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ভূমি অধিকার আন্দোলন আরও জোরদার করতে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে ডা. ফিলিমন বাসকে সভাপতি ও ব্রিটিশ সরেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান মইনুল। এ উপলক্ষে উপজেলার শালমারা ইউনিয়নের জয়পুরপাড়ায় শ্যামল-মঙ্গল-রমেশ বিদ্যানিকেতন স্কুল মাঠে গত বুধবার বিকালে এক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভবেন মার্ডি।
সভায় বক্তারা দীর্ঘদিন ধরে চলমান ভূমি উদ্ধার আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আনার ওপর গুরুত্ব দেন। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি ভূমি অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করবে এবং স্থানীয় জনগণের ন্যায্য দাবিগুলো যথাযথভাবে তুলে ধরতে সক্ষম হবে। সভায় সর্বসম্মতিক্রমে ডা. ফিলিমন বাসকে ও ব্রিটিশ সরেনের নেতৃত্বে ১০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।