
কক্সবাজারে শহর ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কক্সবাজার শহরের বাইপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকার মোটরসাইকেল গ্যারেজ কর্মী মোহাম্মদ কামরুল, বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা ও মহেশখালী উপজেলার কামাল উদ্দিন এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা ইসহাক আহমদ।
পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বাস টার্মিনালমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এদিকে সকাল ১১টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের মারিশবুনিয়া এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। কক্সবাজার থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল সড়ক পারাপারের সময় ইসহাক আহমদ নামে এক বৃদ্ধকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, মোটরসাইকেলটি ভাড়া নিয়ে দুই পর্যটক টেকনাফে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তারা পালিয়ে যান। তবে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
আহত ইসহাক আহমদকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শহীদুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।