
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনটি বসতঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছেন। গত বুধবার গভীর রাতে উপজেলার তেলিখালী গ্রামের আব্দুর রহিম আকনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আগুনে কৃষক আব্দুর রহিম আকনের বসতঘর, তার বড় ছেলে মোর্শেদ আলমের বসতঘর এবং ছোট ছেলে রফিকুল আকনের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া প্রতিবেশী আলিম আকনের বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে পাশর্^বর্তী মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১২টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুনে বসতঘরগুলো সম্পূর্ণ পুড়ে যায়।
ভুক্তভোগীরা জানান, অগ্নিকাণ্ডে তিনটি পরিবার সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে। কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করেছেন। এ ব্যাপারে ভাণ্ডারিয়া ফায়ার স্টেশন কর্মকর্তা মো. সোহেল আহম্মেদ বলেন, কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে। তবে ১৫ লাখ টাকার মালামাল আগুনের কবল থেকে উদ্ধার হয়েছে।