
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়িতে অবৈধভাবে ডিজেল মজুত রাখার দায়ে মামুন নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের বাবুয়ানীজোত এলাকায় ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৩২০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ডাদেশ প্রদান করেন।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী মামুন ওই এলাকার রুহুল আমিনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন বাবুয়ানীজোত এলাকায় ব্যবসায়ী মামুনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির একটি কক্ষ থেকে অবৈধ মজুত করা ৩২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। অভিযানের সময় মামুন দাবি করেন, তিনি তার ট্রাক্টরের জন্য বৈধভাবে ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করেছেন। পরে তার দেওয়া তথ্যানুযায়ী তাকে তেঁতুলিয়া ফিলিং স্টেশনে নিয়ে যাওয়া হলে প্রমাণ দেখাতে ব্যর্থ হয়। একপর্যায়ে তিনি অবৈধভাবে তেল মজুতের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দশ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনি সংকর, রনচন্ডি বিওপির ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম, ইউপি সদস্য রমজান আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে তেল জব্দ করা হয়। পরে ওই ব্যবসায়ী তেল কেনার প্রয়োজনীয় প্রমাণাদি দেখাতে ব্যর্থ হয় এবং অবৈধ তেল মজুতের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। জ্বালানি তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসন।