
নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রধান দুটি সমস্যা যানজট ও হকার। প্রতিদিন এ দুই সমস্যায় ভোগান্তিতে পড়ছেন নগরবাসী।
এর সঙ্গে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসব সমস্যা সমাধানে ১৪ দফা দাবি তুলে ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর শাখা।
গতকাল শনিবার মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নগর ভবনে গিয়ে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে এ স্মারকলিপি প্রদান করে।
এসময় প্রশাসক সাখাওয়াত হোসেন খান স্মারকলিপিতে উত্থাপিত দাবিসহ নগরবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলোর সমাধানে আশ্বাস দেন। সিটি কর্পোরেশন দলীয় প্রভাবমুক্তভাবে পরিচালনার বিষয়ে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই দলীয় নেতাকর্মীদের অপ্রয়োজনীয়ভাবে নগর ভবনে না আসার নির্দেশ দেওয়া হয়েছে। আমি চেষ্টা করছি প্রভাবমুক্ত থেকে কাজ করতে। আমার কাছে সবাই সমান। কোনো দল দেখি না, কাউকে অবৈধ সুবিধাও দেওয়া হবে না, বলেন তিনি। একইসঙ্গে শহরকে বাসযোগ্য করে তুলতে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।
নাগরিক সেবা প্রাপ্তিতে যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন প্রশাসক। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথাও উল্লেখ করেন তিনি- এমনটি জানান এনসিপি নেতা শওকত আলী।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মহানগর এনসিপির সদস্য সচিব আশিকুর রহমান অভি, যুগ্ম সদস্য সচিব সাগর মল্লিক ও ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, ছাত্রশক্তি মহানগরের আহ্বায়ক আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।