
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকালে দুপুরে উপজেলার হেলিপ্যাড সংলগ্ন এলাকায় অবস্থিত ‘আল মুমিন ব্যাটারি’ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঘিওর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতাণ্ডতুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, কারখানাটির পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছিল না। এছাড়া সেখানে বর্জ্য ব্যবস্থাপনারও কোনো কার্যকর ব্যবস্থা ছিল না। ফলে কারখানাটি থেকে পরিবেশ দূষণ, বায়ুদূষণ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল। অভিযানের সময় কারখানার ভেতরে ব্যাটারির বিষাক্ত রাসায়নিক পদার্থ পুড়িয়ে ও গলিয়ে সিসা উৎপাদনের কার্যক্রম চলতে দেখা যায়, যা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক আল মোমিনকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি কারখানার সব রাসায়নিক উপকরণ দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।