
সিন্ডিকেট করে গ্রাহকের কাছ থেকে রসিদবিহীন বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪০ অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর-আসাদনগর সড়কে অবস্থিত সিলিন্ডার গ্যাস পরিবেশক প্রতিষ্ঠান মেসার্স এ কে এন্টারপ্রাইজ-এর মালিক শফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিধান লঙ্ঘনের অভিযোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তার কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়। গতকাল রোববার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান এ অভিযান পরিচালনা করেন।
খোজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে এ কে এন্টারপ্রাইজ তার আরও ১৩ সহযোগী নিয়ে পুরো উপজেলায় পাইকারি ও খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করে আসছিল। তারই ধারাবাহিকতায় আজ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূইয়া বলেন, বাজারে ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।