
নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল ৬টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। আহত এমরান মিয়া পিরোজপুর জেলায় কর্মরত। এদিন তিনি ট্রেন যোগে শ্বশুর বাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে আসছিলেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ে শশুর বাড়িতে আসছিল এমরান। সকালে ট্রেনটি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমায়। এসময় এমরান মিয়া লাফ দিয়ে নামতে গেলে ভুলবসত ট্রেনের চাকার নিচে পড়ে যান। এতে তার দুটি পা হাটু থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তার শ্বশুর বাড়ির লোকজনের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। তার বাড়ি বাগেরহাট জেলা বলে জানা গেছে।