
জ্বালানি সংকটের কারণে সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী এক মাসের জন্য প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ রাখা হয়েছে। শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত শুক্রবার থেকে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। তিনি আর বিস্তারিত তথ্য বলতে রাজি হননি। জানা গেছে, গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে জরুরি সভায় দেশের বৃহত্তম সার উৎপাদনকারী প্রতিষ্ঠান শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডসহ তিনটি প্রতিষ্ঠানে আগামী ৩ মাস (এপ্রিল-জুন) রেশনিংয়ের মাধ্যমে উৎপাদন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে গত শুক্রবার থেকে ফেঞ্চুগঞ্জের সার কারখানাটি এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।