
নাটোরের বড়াইগ্রামে ফিলিং স্টেশনে মোটর সাইকেলে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গত সোমবার রাত ১১টার দিকে আগ্রান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত আগ্রান গ্রামের আব্দুল আজিজের ছেলে ফয়সাল আহমেদ, সাইদুর রহমানের ছেলে আব্দুল্লাহ আল মারুফ ও রুহুল আমিনের ছেলে জিয়াউর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে আগ্রান ফিলিং স্টেশনে মোটরসাইকেলে পেট্রোল দেওয়া হচ্ছিল। এ সময় সিরিয়ালে আগে পরে যাওয়া নিয়ে ফয়সাল আহমেদের সঙ্গে অন্য এক যুবকের বিতর্ক বাধে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে তিনজন আহত হন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সেখানে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।