ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে স্পিড ব্রেকার দাবি

ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে স্পিড ব্রেকার দাবি

ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে গতকালের সড়ক দুর্ঘটনার প্রতিবাদে এবং জননিরাপত্তার গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

গতকাল বুধবার বৈরাটি গোরস্থান মাদ্রাসার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি মাইজবাগ পাছপাড়া স্কুল, জামিয়া ইসলামিয়া বৈরাটি গোরস্থান মাদ্রাসাসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এসময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। বক্তারা বলেন, এই ব্যস্ততম সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে গতকালের দুর্ঘটনার পর শিক্ষার্থীরা চরম আতঙ্কে রয়েছে।

এসময় তারা সাফ জানিয়ে দেন, আগামী ২ দিনের মধ্যে বৈরাটি গোরস্থান মাদ্রাসার সামনে কার্যকর স্পিড ব্রেকার স্থাপন করতে হবে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

আন্দোলনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম। তিনি বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীদের শান্ত করে বলেন, আপনাদের দাবিটি অত্যন্ত যৌক্তিক।

জননিরাপত্তা রক্ষায় আমরা সবসময় সজাগ আছি।

আমি কথা দিচ্ছি, আপনাদের দাবির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব এবং এখানে একটি কার্যকর গতিরোধক স্থাপনের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিশ্রুতির বাস্তবায়ন না দেখা যায়, তবে তারা পুনরায় রাস্তায় নামতে দ্বিধা করবেন না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত