
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘটিত এক হত্যা মামলায় একই পরিবারের পাঁচ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সেনেরচকপাড়া গ্রামের জসিম উদ্দিন, তার স্ত্রী হুরেনা খাতুন, তাদের ছেলে রিয়াদ, একই এলাকার আবদুর রশিদ ও তার স্ত্রী জুনাকি আক্তার। আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৯ জুন জমি নিয়ে বিরোধের জেরে সেনেরচকপাড়া গ্রামের মো. আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচা মো. হাফিজুল ইসলাম পরদিন ত্রিশাল থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারিক প্রক্রিয়ায় আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে। সাক্ষ্যপ্রমাণ, শুনানি ও যুক্তিতর্ক পর্যালোচনা শেষে বিচারক এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় মামলার আসামি ও বাদী পক্ষ আদালতে উপস্থিত ছিলেন।