
চট্টগ্রামের হাটহাজারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার দায়ে অনিক ফুডসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন। গতকাল হাটহাজারীর পৌরসভার আলীপুর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, আলীপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত, বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত পণ্য উৎপাদন, মজুত ও বিক্রয়, নিবন্ধন সনদ ব্যতিরেকে মোড়কজাতকরণ ও বিক্রয় এবং অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে অনিক ফুডসকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।