
চাঁদপুরের হাইমচরে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে আটক ৫ জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সময় উপজেলা টাস্কফোর্স দেড় লাখ মিটার কারেন্টজাল জব্দ করে। গত বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। বুধবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের চরফতেজংপুর গ্রামের আরশ্বাদ, একই গ্রামের আব্দুল কাদির, মো. শাহাদাত, লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শরীফ বকাউল ও মো. সবুজ।
হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক বলেন, চলমান অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ অভিযান এর আওতায় বিকাল ৩টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত হাইমচর উপজেলার মেঘনা নদীর ঈশান বালা, মাঝেরচর, চান্দুরের খাল, আখনের খাল সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর ও কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং ৫ জেলেকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দ কারেন্টজাল কোস্ট গার্ড নয়ানী আউটপোস্টে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। দণ্ডপ্রাপ্ত জেলেদের হাইমচর থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জাটকা সংরক্ষণ কার্যক্রমের আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে কোস্ট গার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসির উদ্দীনসহ কোস্ট গার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।