
ফরিদপুরের ভাঙ্গা থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সাদ্দাম শেখকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গত বৃহস্পতিবার গভীর রাতে জেলার কোতয়ালী থানাধীন মুন্সীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১০ জানায়, গত ৩১ মার্চ ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে সাদ্দাম শেখ মোবাইল ফোনে ভিকটিমকে ঘোরাফেরার কথা বলে ভাঙ্গা থানার ঘরুয়া এলাকায় ডেকে নেয়। পূর্ব পরিচিত হওয়ায় ভিকটিম সরল বিশ্বাসে সেখানে গেলে সাদ্দাম শেখসহ আরও কয়েকজন তাকে আটকে মারধর করে। পরে তারা পালাক্রমে ভিকটিমকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সময় আসামিরা ভিকটিমের কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং নগদ ৩ হাজার ৫৭০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভিকটিম নিজেই ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি ১ এপ্রিল দায়ের করা হয়, যার নম্বর ৮৮। মামলায় দণ্ডবিধি ১৮৬০ এর ৩২৩ ও ৩৭৯ ধারাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩)/৩০ ধারা সংযুক্ত করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব-১০ এর সহযোগিতা চান। এর প্রেক্ষিতে র্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে।
পরবর্তীতে ৯ এপ্রিল রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে মুন্সীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি সাদ্দাম শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি আত্মগোপনে ছিলেন বলে জানায় র্যাব।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।