
মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় বাসচাপায় আয়শা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়শা ইতালি প্রবাসী আবুল ঘরামির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আয়শা তার দাদা মোতালেব মেম্বারের সঙ্গে ভূরঘাটা বাজারে ঘুরতে ও মিষ্টি খেতে এসেছিল। বাজার এলাকায় অবস্থানকালে একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। দীর্ঘ প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সারে ৬টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এলাকাবাসীর দাবি, ঢাকা-বরিশাল মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়কটি দ্রুত ছয় লেনে উন্নীত করা হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে এবং মানুষের প্রাণহানি রোধ করা সম্ভব হবে।
কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমদ্দার জানান, আমরা খবর পেয়ে নিহত শিশুর লাশ উদ্ধার করেছি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছিলেন। আমরা দীর্ঘসময় চেষ্টা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়েছি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।