ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

মাটিচাপা দেওয়া গুলিবিদ্ধ লাশ উদ্ধার, আটক ১৩

মাটিচাপা দেওয়া গুলিবিদ্ধ লাশ উদ্ধার, আটক ১৩

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গালেঙ্গা ইউনিয়নে মাটির নিচে পুতে রাখা এক অজ্ঞাতপরিচয় বাঙালি ব্যক্তির গুলিবিদ্ধ অর্ধগলিত লাশ উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় জুম পাহাড় থেকে ১৩ জনকে আটক করেছে বিজিবি ও পুলিশ।

গতকাল মঙ্গলবার সকালে ৪ নম্বর গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া সংলগ্ন একটি গভীর জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জৈতুন পাড়া এলাকার জঙ্গলে একটি নতুন মাটিচাপা দেওয়া স্থানের সন্ধান পায় এলাকাবাসী। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বলিপাড়া বিজিবি ক্যাম্প ও রুমা থানা পুলিশের একটি যৌথ দল ওই এলাকায় অভিযান চালায়। পরে মাটি খুঁড়ে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বেশ কিছুদিন আগে তাকে গুলি করে হত্যার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দুর্গম জঙ্গলে মাটিচাপা দেওয়া হয়েছিল। নিহত ব্যক্তি বাঙালি হলেও তার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে জৈতুন পাড়া এলাকার ১৩ জন বাসিন্দাকে আটক করা হয়েছে। আটকরা হলেন- অনিল ত্রিপুরা (৩৮), বিবিমন ত্রিপুরা (২০), ইব্রিয়া ত্রিপুরা (২২), ছুন চন্দ্র ত্রিপুরা (৩৫), লাফিয়া ত্রিপুরা (৪৮), সতিজন ত্রিপুরা (২৮), ভাগ্যরাম ত্রিপুরা (৩৩), প্রদীপ ত্রিপুরা (৩২), অলদ্রিং ত্রিপুরা (২৯), লিও ত্রিপুরা (৩৫), সাজালং ত্রিপুরা (২০), জন ত্রিপুরা (২৭) এবং শ্রীমন ত্রিপুরা (৬৬)।

রুমা থানার ওসি মানস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া এলাকার জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় রুমা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত