ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ভূমিসেবার মানোন্নয়নে গণশুনানি

ভূমিসেবার মানোন্নয়নে গণশুনানি

পাবনার সাঁথিয়ায় ভূমিসেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার করমজা ইউনিয়নে ওই গণশুনানি অনুষ্ঠিত হয়। ভূমিসেবা সংক্রান্ত উপলক্ষে জেলা প্রশাসক আমিনুল ইসলামের উদ্যোগে ও সাঁথিয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে এলাকার সুফলভোগী ও জনপ্রতিনিধিদের নিয়ে এই গণশুনানির আয়োজন করে। পাবনা জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। আপনারা নিজের অফিস মনে করে চলে আসবেন। এখন আর সেই সুযোগ নেই।

ভূমিসেবাকে মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে জেলা প্রশাসন। আপনারা চাইলে আমরা ওয়ার্ড পর্যন্ত যেতে পারি। তিনি বলেন, ভূমি অফিসকে শতভাগ দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমেই ভূমি সেবার মানোন্নয়ন সম্ভব। তিনি বলেন, ভূমি সেবার মানোন্নয়নে আমরা প্রতি মাসে শিক্ষার্থীদের নিয়ে একটি করে ভূমি বিষয়ে জ্ঞান শেয়ার করবো তাদের মাঝে। এসময় তিনি বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হানের সার্বিক পরিচালনায় গণশুনানিতে সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্ন ও অভিযোগের উত্তর দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেলা সেটেলমেন্ট অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না প্রমুখ।

গণশুনানিতে দেড় শতাধিক সাধারণ সেবাগ্রহীতা নারী পুরুষ ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

তারা সরাসরি ভূমি সেবা সংক্রান্ত নানা অনিয়ম, হয়রানি, দীর্ঘসূত্রিতা ও জটিলতার বিষয় তুলে ধরেন। এ সময় আসিফ রায়হান বলেন, প্রান্তিক পর্যায়ের জনগণের সেবা প্রাপ্তিতে গণশুনানি অনেক কার্যকর ভূমিকা রাখে’। এসময় সাধারণ মানুষকে তৃতীয় পক্ষের নির্ভরতা পরিহার করে সরাসরি সেবা গ্রহণের আহ্বান জানান।

বক্তারা বলেন, এ গণশুনানি শুধু সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার একটি প্ল্যাটফর্ম নয়। এটি সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে একটি কার্যকর উদ্যোগ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত