ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

পরীক্ষাকেন্দ্রে ‘হবু স্ত্রীকে সহযোগিতার’ অভিযোগ এনসিপি নেতাকে ধাওয়া

পরীক্ষাকেন্দ্রে ‘হবু স্ত্রীকে সহযোগিতার’ অভিযোগ এনসিপি নেতাকে ধাওয়া

ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি ব্যবহারিক পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে এক পরীক্ষার্থীকে সহযোগিতার চেষ্টার অভিযোগে উপজেলা জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক মো. আশরাফ শেখকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রতিবাদে পরীক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভে নামে এবং একপর্যায়ে তাকে ধাওয়া দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভাঙ্গা কাজী শামসুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবহারিক পরীক্ষা শুরুর আগে আশরাফ শেখ কেন্দ্রে প্রবেশ করেন। ওই কেন্দ্রে তার হবু স্ত্রী পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকের দাবি, তিনি পরীক্ষার সময় তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেন। এ নিয়ে একই কক্ষে পরীক্ষা দেওয়া বিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থী আপত্তি জানালে তাদের সঙ্গে আশরাফ শেখের বাকবিতণ্ডা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং রাজনৈতিক পরিচয় দেখিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন। এতে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে তারা পরীক্ষা বর্জন করে কেন্দ্রের বাইরে বিক্ষোভ শুরু করে।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আশরাফ শেখকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া দেয়। আত্মরক্ষার জন্য তিনি কেন্দ্র সচিবের কক্ষে আশ্রয় নেন। এ সময় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তসহ অন্তত তিনজন আহত হন বলে জানা গেছে। ভাঙ্গা কাজী শামসুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে আশরাফ শেখের কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ইটের আঘাতে আমি আহত হই। বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।ঘটনার বিষয়ে বক্তব্য জানতে আশরাফ শেখের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। ফোনে সংযোগ স্থাপনের পরও তিনি কোনো মন্তব্য করেননি বলে জানা গেছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরুদ্ধ অবস্থায় থাকা আশরাফ শেখকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত