
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহপাঠীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ষষ্ঠ শ্রেণির ছাত্র আল জিদান সরকার (১২) গুরুতর আহত হয়েছে। আহত আল জিদান সরকার ইব্রাহিমপুর গ্রামের প্রবাসী উজ্জ্বল সরকারের ছেলে। এ ঘটনায় সপ্তম শ্রেণির চার শিক্ষার্থীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করা হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। জানা যায়, গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র আল জিদান সরকারকে হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় জিদানকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
জিদানের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে সপ্তম শ্রেণির চার শিক্ষার্থীকে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় জনতার সহায়তায় আটক করে নবীনগর থানায় সোপর্দ করা হয়। হামলাকারীরা হলো- সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. সাব্বির হোসেন, আরাফাত হোসেন, রামিম এবং জিহাদ। তাদের সকলের বাড়ি নবীনগরের ইব্রাহিমপুর গ্রামে।
আহত জিদানের মা আয়েশা বেগম বাদী হয়ে নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মামলার বাদী ও আহত জিদানের মা আয়েশা বেগম বলেন, “স্কুলের ভেতরে আমার ছেলের ওপর এ ভাবে হামলা হবে, তা কখনো কল্পনা করিনি। সে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। আমি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই এবং এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”
এ বিষয়ে ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন- “ঘটনার সঙ্গে সঙ্গেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।”
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) থানার বাইরে সরকারি দায়িত্বে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ডিউটি অফিসারের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি ওসির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।