ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

নেত্রকোনায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় মাদক উদ্ধার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা গত রোববার অনুষ্ঠিত হয়েছে। গত রোববার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। জেলা প্রশাসক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সরকারি-বেসরকারি সকল বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিত ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানরা এবং জেলার ১০টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা। গত ১০ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিতভাবে সভায় জানানো হয়। এর মধ্যে বিশেষ অভিযানে ৯৪টি মামলা দায়ের, ৩৭ জনকে কারাদন্ড- প্রদানসহ মোট ৮ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়। মাদকবিরোধী অন্যান্য অভিযানে ১৬০টি সফল তৎপরতা চালিয়ে ২৯টি মামলার মাধ্যমে প্রায় ৩৯ লাখ ৪৩ হাজার ৩৫০ টাকার অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পাশাপাশি মদন উপজেলার চাঞ্চল্যকর ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি পদক্ষেপের অগ্রগতি নিয়েও সভায় আলোচনা করা হয়। এছাড়া পৌরসভা ও বিআরটিএ-এর সহায়তায় রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বাসস্ট্যান্ডসমূহের যানজট নিরসনে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের অগ্রগতি সভায় তুলে ধরা হয়। বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। মে মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২৯টি মামলায় ২ লাখ ৩৪ হাজার ৯শত টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসার কর্তৃক ১২টি অভিযানে ২০টি মামলায় ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে সভায় জানানো হয়। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত