
নাটোরের সিংড়ায় জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় ২০ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় জাল কেনা-বেচা ও ব্যবহারের দায়ে দুইজনকে অর্থদণ্ডসহ কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সিংড়া পৌরসভার সরকারপাড়া মহল্লায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিষিদ্ধ জাল ব্যবহার ও বিক্রির দায়ে সরকারপাড়া মহল্লার মৃত হায়দার আলীর ছেলে মোঃ একাব্বর হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নলডাঙ্গা উপজেলার একডালা গ্রামের মৃত আমির আলী সরদারের ছেলে মোঃ শহীদুল সরদারকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং সরকারপাড়ার মো. আলাউদ্দিনের ছেলে মোঃ রাজীব হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়। পরে জব্দকৃত বিপুল পরিমাণ অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও এনএসআই-এর স্থানীয় সদস্যবৃন্দ। এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত গণমাধ্যমকে বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। প্রায় ২০ লাখ টাকার নিষিদ্ধ ও ক্ষতিকর চায়না দুয়ারি জাল ধ্বংস করা হয়েছে। চলনবিলের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”