ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

‘সিল্করোড চালু হলে কক্সবাজার আরও উন্নত শহরে পরিণত হবে’

‘সিল্করোড চালু হলে কক্সবাজার আরও উন্নত শহরে পরিণত হবে’

সরকারের তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেছেন, মায়ানমার হয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সিল্করোড চালু হয়ে গেলে কক্সবাজার আরও উন্নত শহরে পরিণত হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করে এসেছেন। তিনি আশা করছেন, চীনের সঙ্গে বাংলাদেশের এই সড়ক শীঘ্রই চালু হয়ে যাবে। আবদাল আহমদ বলেন, অপতথ্য ও গুজবকে চ্যালেঞ্জ করতে হবে সত্য সাংবাদিকতা দিয়ে। সত্য সাংবাদিকতা যদি সঠিক ভাবে করতে পারেন তাহলে অপতথ্য ও গুজব কিছুই করতে পারবে না। তিনি গতকাল শুক্রবার কক্সবাজারে আয়োজিত ‘নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, তথ্য অধিদপ্তর প্রতি সপ্তাহে সরকারি কার্যক্রমের ব্রিফিং করছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরাও প্রতিমাসে নিজের দপ্তরের কাজের ব্রিফিং করেন। তার মতে, সরকার অবাধ তথ্যপ্রবাহ ও জবাবদিহিতায় বিশ্বাস করে। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান। কর্মশালায় উপ-প্রধান তথ্য কর্মকর্তা হাছিনা আক্তার বলেন, ‘সরকারের নীতি, সিদ্ধান্ত ও উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে সঠিক ও সময়োপযোগীভাবে পৌঁছে দিতে জনসংযোগ কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দুর্যোগ ও সংকটকালে গুজব প্রতিরোধ এবং নির্ভুল তথ্য প্রচারেও তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তথ্য যাচাই ব্যবস্থা শক্তিশালী করা, এআইভিত্তিক মিডিয়া মনিটরিং, আধুনিক ডিজিটাল নিউজরুম এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। গুজব ও অপপ্রচার মোকাবিলা বিষয়ে উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই তথ্য ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি বাড়ছে। অপতথ্য শুধু জনমনে বিভ্রান্তিই সৃষ্টি করে না, সামাজিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতিকেও ক্ষতিগ্রস্ত করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত