
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশন। এরইমধ্যে স্টেশনমাস্টার পদায়ন করা হয়েছে। শুরু হয়েছে স্টেশনের কার্যক্রম এবং শেষ পর্যায়ে রয়েছে আউটলাইনের কাজ। স্টেশনটি চালু হলে অন্যান্য লোকাল ট্রেনের পাশাপাশি রাজশাহী-ঈশ্বরদী রুটে চলাচলকারী ‘ঈশ্বরদী কমিউটার’ ট্রেনও এখানে যাত্রাবিরতি করবে।
এতে চারঘাট, বাঘা ও পুঠিয়া উপজেলার মানুষের রেলযাত্রার সুযোগ আরও সহজ হবে। জানা গেছে, ১৯২৯ সালে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বরকতপুর এলাকায় নন্দনগাছী রেলস্টেশনটি স্থাপন করা হয়। স্টেশনটির নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য স্টেশনমাস্টার, টিকিট মাস্টার, পোর্টারম্যান, পয়েন্টসম্যান ও গেটম্যানসহ ১২ জন জনবল ছিল।
তবে ২০১৮ সালের ৪ জানুয়ারি স্টেশনটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে সেখানে শুধু একজন পোর্টারম্যান কর্মরত ছিলেন।
কার্যক্রম বন্ধ থাকলেও নন্দনগাছী স্টেশনে বিভিন্ন লোকাল ট্রেন যাত্রাবিরতি করত। তবে টিকিট বিক্রিসহ স্টেশনের নিয়মিত কার্যক্রম চালু ছিল না। ফলে দীর্ঘদিন ধরে স্টেশনটি কার্যত অচল অবস্থায় পড়ে ছিল। স্টেশনটি পুনঃরায় চালু এবং সব ট্রেনের যাত্রাবিরতির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদও স্টেশনটি চালুর উদ্যোগ নিতে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ডিও লেটার দেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, নন্দনগাছী স্টেশনে এতদিন মহানন্দা এক্সপ্রেস, রাজশাহী মেল, লোকাল সিক্স ডাউন, ফিফটিন আপ ও ডাউন ট্রেন যাত্রাবিরতি করত। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে এবার রাজশাহী-ঈশ্বরদী রুটের ‘ঈশ্বরদী কমিউটার’ ট্রেনও এখানে থামবে। এতে এ অঞ্চলের যাত্রীরা রাজশাহী, পাবনাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতে বাড়তি সুবিধা পাবেন।
স্থানীয় বাসিন্দা বজলুর রহমান বলেন, নন্দনগাছী রেলস্টেশনটি চারঘাট, বাঘা ও পুঠিয়া এই তিন উপজেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের হাজারো মানুষ প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন স্থানে যাতায়াত করেন।
সড়কপথে যাতায়াতে নানা ভোগান্তি রয়েছে। রেলসেবা সহজলভ্য হলে মানুষের সময় ও খরচ দুটোই কমবে। একই সঙ্গে স্টেশনটি চালু হলে সরকারের রাজস্ব আয়ও বাড়বে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পিডব্লিউআই মো. বাকিতুল্লাহ বলেন, নন্দনগাছী স্টেশনে কাজ চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে। এরপর স্টেশনের কার্যক্রম পুরোদমে চালু হবে। পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল বলেন, এরইমধ্যে নন্দনগাছী স্টেশনে একজন স্টেশনমাস্টারকে পদায়ন করা হয়েছে এবং স্টেশনের কার্যক্রম শুরু হয়েছে। অন্যান্য লোকাল ট্রেনের পাশাপাশি ‘ঈশ্বরদী কমিউটার’ ট্রেনও এখানে যাত্রাবিরতি করবে। স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ স্টেশনটি চালুর জন্য ডিও লেটার দিয়েছিলেন। স্টেশনটি চালু হলে যাত্রীসেবার পাশাপাশি ট্রেন ক্রসিংয়ের সুবিধাও পাওয়া যাবে।