
নেত্রকোনার কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় মুন (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাফা মনি (৩) নামে এক শিশুর ডান হাত ভেঙে গেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে কলমাকান্দা-চত্রংপুর-রঘুরামপুর সড়কের মুন্সিবাড়ি সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন রঘুরামপুর এলাকার হোসেন মিয়ার মেয়ে। সে কলমাকান্দা পূর্ব বাজারের একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল। জানা গেছে, কলমাকান্দা বাজারের ভাড়া বাসা থেকে ৩ বছর বয়সী খালাতো বোন রাফা মনিকে সঙ্গে নিয়ে রঘুরামপুর যাওয়ার পথে মুন্সিবাড়ি সংলগ্ন সড়কে দুর্ঘটনার শিকার হয় মুন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল মৃত ঘোষণা করেন। অটোচালক মাসুম জানান, হঠাৎ করে মুন ও শিশু রাফা মনি পাকা সড়কে পড়ে যায়। পরে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। দুর্ঘটনায় রাফা মনির ডান হাত ভেঙে যায়। কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।