
রাজবাড়ী শহরের বড় বাজারে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ। এরআগে সোমবার দিবাগত রাতে জাকিয়া সুলতানা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আব্দুল্লাহ আল সিয়াম খান , রুবেল হোসেন ও হেলাল উদ্দিন। মামলার এজাহার সূত্রে জানা যায়, জাকিয়া সুলতানার প্রতিষ্ঠান 'আস্থা পোশাক শিল্প গার্মেন্টেস' এর এক কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধের সৃষ্টি হয়। গত ২৩ আগস্ট ওই কর্মচারী কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে বেতন দাবি ও হুমকি দেন। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাজবাড়ী বড় বাজারে জাকিয়া সুলতানা ও স্থানীয় কাপড় ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে একজন নারী পুলিশ সদস্যের সঙ্গে থাকা জাকিয়া সুলতানাকে কয়েকজন যুবক লাথি ও ঘুষি মারেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।