ঢাকা রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

কক্সবাজারে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে

কক্সবাজারে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জুলাইয়ের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন করে দেশ গড়ে তুলতে হবে। জুলাই আন্দোলনে আমাদের তরুণরা রক্ত দিয়েছেন। তাদের সেই আত্মত্যাগের ঋণ শোধ করার মতো নয়। তাদের প্রত্যাশা পূরণে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণে সরকার ইতোমধ্যে বিভিন্ন কল্যাণমুখী সিদ্ধান্ত নিয়েছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ উন্নয়ন এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। কক্সবাজারে সাংবাদিকদের জন্য দ্রুত একটি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কক্সবাজারের সাংবাদিকদের পেশাগত কার্যক্রম পরিচালনা এবং তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। গতকাল শনিবার সকালে কক্সবাজারের হিলটপ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মাহবুবা ফারজানা আরও বলেন, সারাদেশে অপতথ্য ও মিথ্যা তথ্যের বিস্তার রোধে সাইবার আইনের সংশোধনীসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধ এবং সঠিক তথ্যের প্রবাহ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত