
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে আমন ধানের পাতায় পোড়ার মতো রোগ দেখা দিয়েছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। এটি ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া রোগ (বিএলবি) নাকি অন্য কোনো সমস্যা, তা নিয়ে সংশয়ে রয়েছেন তারা। স্থানীয় কৃষকদের অভিযোগ, সীমান্তবর্তী এলাকার প্রায় কোটি জমিতেই কমবেশি এ ধরনের সমস্যা দেখা যাচ্ছে। ধানের পাতা ওপরের দিক থেকে শুকিয়ে মরে নিচের দিকে ছড়িয়ে পড়ছে। রোগ দমনে কীটনাশক প্রয়োগ করেও তেমন কোনো ফল পাচ্ছেন না তারা। স্থানীয় কৃষক মজিব জানান, ধানের পাতা ওপরের দিক থেকে শুকিয়ে মরে যাচ্ছে এবং ধীরে ধীরে নিচের দিকে ছড়িয়ে পড়ছে। এ সমস্যা থেকে ধানগাছ রক্ষায় ওষুধ প্রয়োগ করেও কোনো কাজ হচ্ছে না। এতে আমন ধানের ফলন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
এ বিষয়ে ধোবাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুর রহমান বলেন, বিষয়টি আমরা অবগত আছি। আক্রান্ত জমি পরিদর্শন করেছি। জিংক ও সালফারের ঘাটতিজনিত সমস্যায় ধানের পাতায় এমন লক্ষণ দেখা দিতে পারে। তবে এটি বিএলবি রোগ কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হতে হবে। এ ছাড়াও অন্যান্য ইউনিয়নে কম বেশী দেখা যাচ্ছে। কৃষকদের আশঙ্কা, দ্রুত সমস্যার সঠিক কারণ নির্ণয় করে প্রয়োজনীয় পরামর্শ ও প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া না হলে আমন ধানের উৎপাদন ব্যাহত হতে পারে। তাই আক্রান্ত জমি পর্যবেক্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।