ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই

ডেপুটি স্পিকার
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, খেলাধুলা মাদকের বিরুদ্ধে নীরব ও শান্তিপূর্ণ প্রতিবাদ। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে।

একই সঙ্গে হাজং সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় নিজের উদ্যোগে একটি বই প্রকাশের কথা জানিয়ে তিনি বলেন, 'হাজং সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় আমি ব্যক্তিগতভাবে একটি বই প্রকাশ করেছি। আপনারা যে যার জায়গা থেকে বইটি সংগ্রহ করে শিশু-সন্তানদের পড়তে দেবেন, যাতে কালের বিবর্তনে হাজং ভাষা আমাদের সমাজ ও দেশ থেকে হারিয়ে না যায়।' তিনি আরও বলেন, 'আমরা প্রমিত বাংলায় কথা বলব, কিন্তু নিজস্ব মাতৃভাষা যেন বিলুপ্ত না হয়, সে জন্যই আমার ব্যক্তিগত উদ্যোগে বইটি প্রকাশ করেছি। হাজং সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি চেষ্টা করছি সবার বাড়ি বাড়ি বইটি পৌঁছে দিতে।' গতকাল রোববার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গল সরকার স্মৃতি জাতীয় হাজং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজক সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। ফাইনালে টঙ্গী একাদশ ও গিলাগড়া একাদশ মুখোমুখি হয়। হাজং স্টুডেন্ট কাউন্সিল (হাসুক) এ টুর্নামেন্টের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, আয়োজক কমিটির সভাপতি তপন হাজং এবং সাধারণ সম্পাদক নাঈম হাজংসহ অনেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত