ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মাটিখেকোদের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহর কঠোর হুঁশিয়ারি

মাটিখেকোদের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহর কঠোর হুঁশিয়ারি

কুমিল্লার দেবিদ্বারে জাফরগঞ্জ থেকে বিষ্ণুপুর পর্যন্ত গোমতী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে এ সভার আয়োজন করা হয়। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত থেকে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ ও দাবির কথা শোনেন। সভায় এলাকাবাসী জানান, জাফরগঞ্জ-বিষ্ণুপুর সংযোগ সেতু না থাকায় তাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া রঘুরামপুর গ্রামের বাসিন্দারা প্রতিবছর বন্যায় নদীতীরবর্তী বাড়িঘর তলিয়ে যাওয়া এবং নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারানোর কথা তুলে ধরেন। এসব দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তির জন্য নদীর গতিপথ পরিবর্তনে 'লুপ কাটিং'-এর ব্যবস্থার দাবি জানান ভুক্তভোগীরা। এ সময় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদের পরবর্তী অধিবেশনে আমি বিষয়টি নিয়ে কথা বলব। আমার জায়গা থেকে এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব। আমার এলাকার জন্য, আমার গ্রামবাসীর জন্য, আমার উপজেলাবাসীর জন্য কোনো জায়গায় যদি ১০ বার গিয়ে অনুরোধ করতে হয়, তাতেও আমার কোনো আপত্তি নেই। এলাকার নবনির্মিত রাস্তাঘাট কিছু অসাধু ব্যবসায়ী ও মাটিচোরদের কারণে মাত্র ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সরকারের দেদারছে টাকা খরচ করার কোনো সামর্থ্য নেই যে, প্রতিবছর এই রাস্তা মেরামত করা হবে। সতর্ক করে তিনি বলেন, দেবিদ্বার-চান্দিনা রোডে এখন থেকে কোনো ওভারলোডেড ট্রাক পেলে বা তদবির করে ছাড়ানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। নিয়ম ভঙ্গ করলে নিজের দলের বা যতই প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। যে ট্রাক ওভারলোড পাওয়া যাবে, তাকে এক কিলোমিটার রাস্তা নিজে তৈরি করে দিতে হবে। অবৈধ ইটভাটা এবং কৃষিজমি থেকে মাটি কাটার সঙ্গে জড়িতদের হুঁশিয়ার করে সংসদ সদস্য বলেন, যারা নতুন করে ভাটার চুঙ্গা বানাচ্ছেন বা অবৈধভাবে ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের সাবধান হওয়া উচিত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত