
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকা পড়ে এক চোর। পরে তাকে উদ্ধার করতে ছুটে আসে ফায়ার সার্ভিস। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা জীবিত অবস্থায় তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। তার শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়েছে। গত বৃহস্পতিবার রাত দশটার দিকে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবক লিটন মিয়া উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার রাতে ছাতির বাজারের পাশের ইটভাটার পেছনে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন লিটন। চুরি করার সময় স্থানীয় একজন তাকে দেখে ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে ঘিরে ফেলে। এ সময় নিচে থাকা আরেক চোরকে আটক করেন স্থানীয়রা। বৈদ্যুতিক খুঁটিতে থাকা লিটন তখন আটকা পড়েন। স্থানীয়রা খবর দিলে দ্রুত এসে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিচে নামিয়ে আনে ফায়ার সার্ভিস।