
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের জেলা ও উপজেলা পর্যায়ের আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় নিজেই বাদী হয়ে মামলাটি করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, ৫ আগস্ট ২০২৪ সালে আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে আসামিরা এলাকায় নাশকতাসহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে আসছিলেন। একই সঙ্গে তাঁকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের সুযোগ খুঁজছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তাঁকে ও তার দল এনসিপিকে নিয়ে বিভিন্ন সময়ে অপপ্রচার চালানো হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
এজাহারে আরও বলা হয়, ঘটনার রাতে সংসদ অধিবেশন চলার কারণে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। এ সময় তার বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা রাতের খাবার শেষে বাড়ির বিভিন্ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত ১২টা ১৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা তার পৈতৃক বসতবাড়িতে আগুন দেয়। এতে পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
মামলার এজাহারে আসামি হিসেবে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন-নিষিদ্ধঘোষিত সংগঠন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম। এজাহারে ক্ষয়ক্ষতির বিবরণে বলা হয়েছে, আগুনে বাড়ির প্রায় এক-তৃতীয়াংশ মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় যন্ত্রপাতি পুড়ে গেছে। বাড়ির গোয়ালে থাকা তিনটি ছাগলও আগুনে পুড়ে মারা যায়। সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
এর আগে বুধবার রাত পৌনে ১২ টার দিকে দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংসদ সদস্যের বাড়িতে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। আগুনে দুটি ছাগলও পুড়ে মারা যায় বলে জানা গেছে। আগুনে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।