ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বাঁশখালীতে যমজ কন্যাকে শ্বাসরোধে হত্যার পর বাবারও আত্মহত্যা

বাঁশখালীতে যমজ কন্যাকে শ্বাসরোধে হত্যার পর বাবারও আত্মহত্যা

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়িতে ৭ মাসের দুই যমজ কন্যাসন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন এক পিতা। গতকাল শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুইছড়ি মওলার পাড়া বদি আলমের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. জাহেদ (৫৫) বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বদিউল আলমের পুত্র। নিহত দুই যমজ কন্যাসন্তান হলো-জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত (৭ মাস)। নিহতের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার বেলা ১২টার দিকে তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে স্থানীয় নাপোড়া ভিলেজার পাড়া মসজিদে নামাজ ও দোয়া করতে যান। যাওয়ার সময় যমজ দুই মেয়েকে সাথে নিতে চাইলে স্বামী জাহেদ তা নিষেধ করেন।

তখন জাহেদ জানান, শিশুরা সেখানে গেলে পায়খানা-প্রস্রাব করবে, তাই তাদের রেখে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন মসজিদে যান। বিকেলে বাড়ি ফিরে তারা দেখতে পান ঘরের চতুর্দিকে দরজা-জানালা সব বন্ধ। পরে তাদের আত্ম চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের টিম লিডার আবুল বশর জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ঘরের বন্ধ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বিছানায় দুই শিশু কন্যার মরদেহ এবং ঘরের পাকা পিলারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পিতাকে দেখতে পান। নিহত জাহেদের চাচাতো ভাই কামাল উদ্দিন জানান, জাহেদ বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। কী কারণে তিনি এমন মর্মান্তিক কাণ্ড ঘটিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা পাওয়া যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত