ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

শুষ্ক মৌসুমেও থামছে না মেঘনার ভাঙন

* অস্তিত্ব সংকটে রামগতির বয়ারচর * হুমকিতে লক্ষাধিক মানুষ!
শুষ্ক মৌসুমেও থামছে না মেঘনার ভাঙন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বয়ারচর। দুইদিকে মেঘনা নদী এক দিকে ভুলুয়া নদী বেষ্টিত। দুই নদীর মাঝখানে একটি চরের নাম বয়ারচর। প্রতিনিয়ত মেঘনা ও ভুলুয়ার ভাঙনে ক্ষতবিক্ষত এ চরটি। দীর্ঘ দুই দশক ধরে প্রায় ১০ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। এরই মধ্যে ফসলি জমি, বসতঘর, দোকানপাট ও রাস্তঘাট ভেঙে যায় নদীতে। জিও ব্যাগ পেলে ভাঙন ঠেকানোর জন্য এলাকাবাসী সভা সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসলেও সংশ্লিষ্টদের নজর পড়েনি এ চরের প্রতি। তাদের আশঙ্কা, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে অল্প সময়ের মধ্যে চরটি বিলীন হয় যাবে। বয়ারচর সৃষ্টির ইতিহাস সম্পর্কে জানতে ওই চরের অন্তত ১০ জন প্রবীণদের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তারা জানান, ১৯৫০ দশকের পর নোয়াখালীর হাতিয়ার মূল ভূখণ্ড এবং লক্ষ্মীপুরের রামগতির বিভিন্ন অংশ মেঘনা গর্ভে বিলীন হয়ে যায়। ১৯৭০ সালের দিকে আবার জেগে উঠে ওই চরগুলো।

নামকরণ করা হয় 'বয়ারচর'। এটি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রামগতি ও নোয়াখালী জেলার হাতিয়া ও সুবর্ণচর উপজেলার সীমান্তবর্তী মেঘনার বুকে জেগে ওঠা একটি চর। আশির দশক ও নব্বইয়ের দশক থেকে মেঘনার ভাঙনে সর্বস্ব হারানো হাজার হাজার পরিবার বয়ারচরে এসে বসবাস শুরু করে। শুরুতে এটি ছিল দুর্গম ও বনজঙ্গলে ঘেরা একটি এলাকা, যেখানে পরবর্তীতে মানুষের শ্রমে কৃষি ও জনপদ গড়ে ওঠে। ২০০২ সালের দিকে 'চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট' বা সিডিএসপি-২ প্রকল্পের অধীনে সরকার উন্নয়ন প্রকল্প. বয়ারচরের অবকাঠামোগত ও আর্থসামাজিক উন্নয়নে প্রস্তুতিমূলক কাজ শুরু হয়। ২০০৫ সাল থেকে এখানে দাপ্তরিক ও উন্নয়ন কার্যক্রম জোরালোভাবে পরিচালিত হয়। চরের বাসিন্দারা জানান, হাতিয়া ও রামগতির মধ্যকার প্রশাসনিক বিরোধের কারণে বয়ারচরে উন্নয়ন কার্যক্রম কার্যত স্থবির হয়ে আছে। এক সময় প্রায় তিন লাখ মানুষের কোলাহলে মুখর ছিল বয়ারচর এলাকায়। নদী ভাঙনের ফলে বসতি কমে এখন প্রায় লক্ষাধিক মানুষের বসবাস ওই চরে। এ বছরের বর্ষায় রামগতি ব্রিজঘাট থেকে চেয়ারম্যানঘাট পর্যন্ত বেড়িবাঁধের একাধিক অংশ ভেঙে যায়। স্লুইস গেট এলাকার বাঁধ ভেঙে দুই শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। পরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের শঙ্কা, এভাবে ভাঙ্গতে থাকলে আগামী বর্ষার আগেই বয়ারচরের বাকি অংশও নদীতে মিশে যাবে। ভাঙনে বাস্তুভিটাহারা লোকজন জানান, একাধিকবার ভাঙনে তারা দিশেহারা। জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে জনবসতিপূর্ণ এ চরের অবশিষ্ট জমি, মানুষের জানমাল ও কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি স্থাপনা অচিরেই নদীতে তলিয়ে যাবে। বর্ষা শেষে এখন শুষ্ক মৌসুমেও মেঘনা নদী যেন রুদ্ররূপ ধারণ করেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। হুমকির মুখে পড়েছে ওই চরের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, সীমানা বিরোধের অজুহাতে দুই উপজেলার কেউই এলাকাটির উন্নয়ন ও নাগরিক সেবার দায়িত্ব কার্যকরভাবে নিচ্ছে না। ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সব ক্ষেত্রেই দীর্ঘদিনের অবহেলিত চরের বাসিন্দারা। রামগতি উপজেলা সদরের সঙ্গে একটি সড়ক যোগাযোগ থাকলেও তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী। বর্ষা মৌসুমে উত্তাল নদীপথই হয়ে ওঠে যাতায়াতের প্রধান ভরসা। ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতার কারণে ঝড়-জলোচ্ছ্বাসের সময় চরটি প্রায় সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, কাঁচা সড়ক, পুল-কালভার্টসহ অবকাঠামোর অবস্থা অত্যন্ত নাজুক। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক অনীহার কারণে দুর্ভোগ বাড়ছে তাদের। পাশাপাশি জলদস্যু, ভূমিদস্যু ও ডাকাত চক্রের দৌরাত্ম্যে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় থাকেন সারাবছর। চুরি, ডাকাতি, ছিনতাই, খুন ও নারী নির্যাতনের ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দা রোকসানা আক্তার জানিয়েছেন, একে একে তিনবার মেঘনা নদীর ভাঙনের শিকার হয়েছেন তারা। ফসলি জমি ও বসতঘর হারিয়ে এখন কোনো রকম টিনের ঘর তুলে বসবাস করছেন।

আব্দুল কাদের বলেন, বয়ারচরের মানুষের শেষ সম্বলটুকু নদীতে বিলীন হয়ে যাচ্ছে। পাউবো কর্তৃপক্ষ দয়া করে এ চরের মানুষের বসবাসের জন্য টেকসই বাঁধের ব্যবস্থা করুন। রাশেদুল ইসলাম আজিজ বলেন, এখন তো আর ভোটের প্রয়োজন নেই, আবার যখন প্রয়োজন হবে, তখন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইতে আসবে। নেতাদের কথা বিশ্বাস করে ভোট দিয়ে বয়ারচরের মানুষ বার বার প্রতারিত হচ্ছে। স্থানীয় চরগাজী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ ফরিদ বলেন, আদালতের রায়ে বয়ারচর রামগতি উপজেলার অংশ হিসেবে স্বীকৃতি পেলেও বাস্তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে সমস্যার স্থায়ী সমাধান হয়নি। নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি মিললেও পরে আর কার্যকর উদ্যোগ দেখা যায় না। এখন নদী ভাঙনে আমরা চরের বাসিন্দারা দিশেহারা। দ্রুত নদী ভাঙন থেকে আমাদের এ চরকে রক্ষার দাবি জানাই। চরগাজী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. ইব্রাহিম খলিল দিদার বলেন, অবহেলীত জনপদ বয়ারচর হয়তো অল্প সময়ে দেশের মানচিত্র থেকে মুছে যাবে। প্রায় লক্ষাধিক মানুষের ভিটেমাটি রক্ষায় কার্যকর পদক্ষেপ চান তিনি।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলাম বলেন, মেঘনার ব্যাপক ভাঙনের মুখে পড়েছে বয়ারচর। ভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থা নেওয়ার জন্য সবুজপাতা নামে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। ওই প্রকল্পে বয়ারচর রক্ষায় ৯শ' ২০ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত