
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ক্ষত ১৯ বছরেও পুরোপুরি মুছে যায়নি উপকূলবাসীর জীবন থেকে। স্বজন হারানোর বেদনা, বসতভিটা ও জীবিকা হারানোর স্মৃতি আজও তাড়া করে বেড়াচ্ছে অসংখ্য পরিবারকে। ভয়াল সেই সিডরে নিহতদের স্মরণে বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে সিডর দিবস। এ উপলক্ষে ক্ষতিগ্রস্ত ও স্বজনহারা পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া সিডর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বরগুনা প্রেসক্লাব, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে স্মৃতিস্তম্ভের পাদদেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মুকিত হাসান খান এবং নলটোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কে এম সফিকুজ্জামান মাহফুজ। স্থানীয়দের পক্ষে বক্তব্য দেন প্যানেল চেয়ারম্যান মো. কাউসার মৃধা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সিডরে স্বজনহারা যেসব পরিবার দীর্ঘ সময়েও ঘুরে দাঁড়াতে পারেনি, তারা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তাদের যথাযথ সহায়তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
সভায় কে এম সফিকুজ্জামান মাহফুজ নলটোনা ইউনিয়নের প্রায় আট কিলোমিটার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের বিষয়টি তুলে ধরে দ্রুত টেকসই সংস্কার ও পুনর্নির্মাণের দাবি জানান। বক্তারা উপকূলবাসীর নিরাপত্তায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, মজবুত বেড়িবাঁধ ও কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. আজিজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, মনির হোসেন কামাল, অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরের আঘাতে বরগুনা জেলায় ১ হাজার ৩৪৫ জনের মৃত্যু হয় এবং ১৫৬ জন নিখোঁজ হন। ক্ষতিগ্রস্ত হয় ২ লাখ ১৩ হাজার ৪৬১টি পরিবার। এর মধ্যে ৭৭ হাজার ৭৫৪টি পরিবার গৃহহীন হয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনপদগুলোর একটি ছিল নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া। সেখানে বহু মরদেহ গণকবরে সমাহিত করা হয়।
১৯ বছর পেরিয়ে গেলেও উপকূলবাসীর প্রধান দাবি টেকসই বেড়িবাঁধ, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র ও নিরাপদ জীবন। নিহতদের স্মরণ করার পাশাপাশি জীবিত ও ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হোক সিডর দিবসের প্রকৃত অঙ্গীকার।