
তিন দফা দাবিতে আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল। গত শনিবার দুপুরে অনির্দিষ্টকালের এ পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ।
শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— কদমতলী টার্মিনালে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের নির্ধারিত পার্কিং নিশ্চিত করাসহ নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার এবং সিএনজি চালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর প্রদান। এদিকে সিলেটে পরিবহান ধর্মঘট নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়ে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। এদের মধ্যে এক পক্ষ ধর্মঘটের পক্ষে ও আরেকপক্ষ বিপক্ষে অবস্থান নিয়েছে। এ কর্মবিরতির সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন। তারা জানান ঘোষিত কর্মবিরতিতে তারা অংশ নেবেন না।
সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ সোহেল বলেন, সোমবারের ঘোষিত কর্মসূচি আদালত অবমাননার শামিল বলে আমরা মনে করি। এ ধরনের কর্মসূচি সরকারকে বেকায়দায় ফেলার পাশাপাশি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
এদিকে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম জানান, তিন দফা দাবি আদায়ে গত ৮ নভেম্বর প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। এরপরও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ১২ নভেম্বর সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের সভায় ১৬ নভেম্বর ভোর ৬টা থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।
অপরদিকে পরিবহন মালিক সমিতি, সিলেটের আহ্বায়ক লোকমান আহমদ জানিয়েছেন, তাদের সংগঠন এ ধর্মঘট সম্পর্কে অবহিত নয়। আহুত ধর্মঘটকে অযৌক্তিক হিসেবেও আখ্যা দেন তিনি। লোকমান আহমদ বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে এ ধর্মঘট ডাকা হয়েছে।