
নীলফামারীর ডোমারে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে বালু উত্তোলন ও মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় চারজনকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ। এসময় ডোমার থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের নদীয়াপাড়া এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের অভিযোগে মৃত মমিন উদ্দিনের ছেলে মো. মজিরুল ইসলামকে(৬৫) ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩এর আওতায় সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই ঘটনায় ট্রাক্টর চালক ফজলু ইসলামের ছেলে আবু সাঈদ হোসেনকে(২২) আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজালাল সরকারি কাজে সহযোগিতা না করে মব সৃষ্টির চেষ্টা করেন। ওই ইউপি সদস্যের বাবা মজিরুল ইসলামকেই বালু উত্তোলনের অভিযোগে জরিমানা করা হয়। পরে একই দিনে বোড়াগাড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় দুটি মাংসের দোকানে অভিযান চালানো হয়। দোকান দুটিতে মূল্য তালিকা না থাকা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি পাওয়ায় কৃষি বিপণন আইনে পৃথকভাবে ২হাজার টাকা করে মোট ৪হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার আওতায় মটুকপুর এলাকার বাবুল হোসেনের ছেলে মিলন ইসলাম (৪০) এবং দক্ষিণ মটুকপুর এলাকার মৃত ইউনুস আলীর ছেলে হুমায়ুন কবির (৪৮)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে বালু উত্তোলনের তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের সতর্কতামূলকভাবে জরিমানা করা হয়েছে।