
পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে নাজমুল হক বিশারু (৬৫) নামের ৯ মামলার আসামি নিহত হয়েছেন। গতকাল রোববার ভোরে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের মৃত তাজিম উদ্দিন তাজুর ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী জানা যায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তত ৯টি মামলা রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে লস্করপাড়া এলাকার জ্যোতিষ চন্দ্র রায়ের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন নাজমুল হক। এ সময় ঘরের ভেতরে শব্দ পেয়ে বাড়ির লোকজন সজাগ হয়ে যান এবং হাতেনাতে তাকে আটক করেন। পরে তাদের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। একপর্যায়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে নাজমুল গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে বোদা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বোদা থানার ওসি সোহেল রানা জানান, চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।