
পাবনা মানসিক হাসপাতালে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে রোগীদের হয়রানি ও প্রতারণার দায়ে পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রোববার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীম। দণ্ডপ্রাপ্তরা হলেন হাবিল মণ্ডল, মো. বিপুল, জুয়েল হোসেন, সুজন আলী এবং ওয়ারেস। তাদের সবার বাড়ি পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে। চক্রের অপর সদস্য হাফিজুর রহমান মাহফুজকে আটক করে তার বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দেওয়া হয়েছে। আভিযানিক দল জানায়, পাবনা মানসিক হাসপাতালে একটি চক্র দীর্ঘদিন ধরে রোগী ও স্বজনদের নানাভাবে হয়রানি ও প্রতারণা করে আসছিল। বিষয়টি নিয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) একটি টিম বেশ কিছুদিন ধরে গোপন অনুসন্ধান চালায় এবং দালালদের অপতৎপরতা নিশ্চিত করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীম বলেন, ?ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে দালাল চক্রের এসব সদস্যদের আটক করা হয়। পরে তাদের মধ্যে পাঁচজন দালালি কার্যক্রমের সঙ্গে নিজেদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। এ অপরাধে তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।