ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সাতক্ষীরায় সাড়ে ৫ হাজার হেক্টরের বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত

সাতক্ষীরায় সাড়ে ৫ হাজার হেক্টরের বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা কয়েক দিনের অব্যাহত ও প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার কৃষি। পাকা ও কাটা আমন ধানের জমিতে পানি জমে যাওয়ায় কাটা ধান ভিজে নষ্ট ও অঙ্কুরিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে, শীতকালীন সবজি ও রবি ফসলের খেতেও জমেছে পানি। তবে বর্তমানে বৃষ্টি বন্ধ হওয়ায় দ্রুত জলাবদ্ধতা নিরসন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার দাবি উঠেছে। ফসলের এমন বিপর্যয়ের মুখে চরম দুশ্চিন্তা আর হতাশায় দিন কাটাচ্ছেন জেলার হাজার হাজার কৃষক।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় মোট ৮০ হাজার হেক্টর জমিতে আমন ধান এবং ১০ হাজার হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় ও টানা বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় প্রাথমিক হিসেবে মোট ৫ হাজার ৫৬৭ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলের ধরন আক্রান্ত জমির পরিমাণ মোট ৫,৫৬৭ হেক্টর জমির ফসল অতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ফসলের সংখ্যা নিরূপণ সম্ভব হয়নি বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তালা সদরের বাইরুইহাটি গ্রামের লুৎফার আলী খলিশখালি গ্রামের শফিকুল ইসলাম বলেন, বর্তমানে বৃষ্টি বন্ধ হয়েছে, তাই দ্রুত জমির জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা প্রণয়ন করে সরকারি সহায়তা ও কৃষি প্রণোদনা প্রদান এবং নষ্ট হওয়া বীজতলার বিকল্প হিসেবে বীজ সরবরাহের দাবি জানান। অন্যথায় চলতি মৌসুমের লোকসান কাটিয়ে ওঠা এবং পরবর্তী মৌসুমে ফসলের লক্ষ্যমাত্রা পূরণ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম জানান, বৃষ্টিতে উপজেলার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। চলতি মৌসুমে ১১ হাজার ৯৩৮ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এর মধ্যে ৩১৫ হেক্টর জমির আমন ধান দাঁড়ানো অবস্থায় আংশিক নিমজ্জিত হয়েছে এবং ১৩ হেক্টর জমির কর্তন করা ধান পানিতে ডুবে গেছে। এ ছাড়া ২৫৫ হেক্টর জমির সরিষা আংশিক নিমজ্জিত, ১৫ হেক্টর জমির পেঁয়াজ, ৪ হেক্টর জমির রসুন এবং ৭৬ হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। তালা উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহসিন আলী সরদার বলেন, বর্তমানে ধান পেকে গেছে। তাই জমিতে ধানের গোড়ার অংশে অতিরিক্ত পানি জমে না থাকলে তেমন ক্ষতির আশঙ্কা নেই। তবু অতিরিক্ত বৃষ্টির কারণে অধিকাংশ জমির ধান কেটে রাখায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবজির গোড়ায় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ইকবাল আহমেদ বলেন, ঘূর্ণিঝড় ও টানা বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় ফসলি জমির প্রাথমিক ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণ করা হচ্ছে। তিনি বলেন, মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। বৃষ্টি বন্ধ হওয়ায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সম্ভাব্য সহায়তা ও প্রণোদনার জন্য পাঠানো হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত