প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৪ নভেম্বর, ২০২৬
ডায়াবেটিস বা বহুমূত্র রোগ (যা ডায়াবেটিস মেলাইটাস নামেও পরিচিত) একটি বিপাকজনিত রোগ। আমাদের শরীরে ইনসুলিন নামক হরমোনের সম্পূর্ণ বা আপেক্ষিক ঘাটতির কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্যমতে, বর্তমানে বিশ্বের ৫৪ কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশে এ সংখ্যা প্রায় ১ কোটি ৩০ লাখ। এ রোগের উপসর্গগুলো হলো— ঘন ঘন প্রস্রাব, অত্যধিক তৃষ্ণা, অতিরিক্ত ক্ষুধা, ওজন কমে যাওয়া, শরীরের ক্ষত দীর্ঘদিনেও ভালো না হওয়া, চোখে কম দেখা ইত্যাদি।
টাইপ-১ ডায়াবেটিস : অগ্ন্যাশয়ের বিটা কোষ বিনষ্ট হওয়ার ফলে যখন যথেষ্ট পরিমাণ ইনসুলিন উৎপাদিত হয় না, তখন টাইপ-১ ডায়াবেটিস হয়। বিটা কোষ বিনষ্ট হওয়ার কারণ হলো অটোইমিউন প্রতিক্রিয়া। শিশু ও তরুণদের মধ্যে এ ধরনের ডায়াবেটিস সবচেয়ে বেশি দেখা যায়। ১০-১৪ বছর বয়সীদের ক্ষেত্রে এ হার সবচেয়ে বেশি।
টাইপ-২ ডায়াবেটিস : এ ধরনের ডায়াবেটিসে শরীরে ইনসুলিন থাকে, কিন্তু ইনসুলিন প্রতিরোধের কারণে কোষগুলো ইনসুলিনের যথাযথ ব্যবহার করতে ব্যর্থ হয়। এটি অগ্ন্যাশয়ের ওপর আরও বেশি ইনসুলিন উৎপাদনের চাপ সৃষ্টি করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইনসুলিনের ঘাটতিও তৈরি হয়। সাধারণত ৪০-৪৫ বছরের বেশি বয়সীদের এ ধরনের ডায়াবেটিস ধরা পড়ে। টাইপ-২ ডায়াবেটিসকে নীরব ঘাতক বলা হয়। যখন রোগটি ধরা পড়ে, তখন অগ্ন্যাশয়ের ৫০ শতাংশ বিটা কোষ নষ্ট হয়ে যায়। রোগ নির্ণয়ের সময় ৫০ শতাংশ রোগীর কিছু না কিছু জটিলতা দেখা দেয়। এর গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে রয়েছে শরীরের অতিরিক্ত ওজন ও কায়িক শ্রমের অভাব।
গর্ভকালীন ডায়াবেটিস : এটি ডায়াবেটিসের চতুর্থ প্রধান ধরন। গর্ভাবস্থার কিছু হরমোন ইনসুলিনের উৎপাদনে বাধা দেয় এবং ডায়াবেটিস সৃষ্টি করে। এটি শুধু গর্ভাবস্থায় দেখা দেয়। এর ফলে গর্ভস্থ শিশুর আকার অস্বাভাবিক বড় হওয়া, জন্মগত ত্রুটি, সময়ের আগে জন্ম এবং গর্ভেই শিশুর মৃত্যু হতে পারে। গর্ভকালীন ডায়াবেটিস থেকে কিছু মায়ের স্থায়ী ডায়াবেটিস হতে পারে। আবার অনেক মা ও সন্তানের ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার উচ্চ ঝুঁকি থাকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে অনেক ধরনের জটিলতা সৃষ্টি হয়।
ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস : ডায়াবেটিস রোগীদের বিপাকজনিত এ সমস্যায় শরীরে গ্লুকোজ ও কিটো অ্যাসিডের পরিমাণ অনেক বেড়ে যায়। ফলে পানিশূন্যতা, ঘন ঘন শ্বাসপ্রশ্বাস, মুখ থেকে ফলের গন্ধের মতো (অ্যাসিটোন) গন্ধ বের হওয়া এবং ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা দেখা দেয়। সঠিক সময়ে চিকিৎসা না করলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।
চিকিৎসা : হাসপাতালে ভর্তি, শিরাপথে স্যালাইন, ইনসুলিন ও পটাশিয়াম প্রয়োগ।
হাইপারঅসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট : ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে যায়, কিন্তু কিটো অ্যাসিড স্বাভাবিক থাকে। শরীরে সোডিয়াম ও ইউরিয়ার পরিমাণ বেড়ে যায় এবং উচ্চ অসমোলারিটির সৃষ্টি হয়। লক্ষণগুলোর মধ্যে রয়েছে তীব্র পানিশূন্যতা, ক্লান্তি ও চেতনা লোপ পাওয়া। সাধারণত স্ট্রোক কিংবা সংক্রমণের পরে এ অবস্থা দেখা দেয়। দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা জরুরি। এ অবস্থায় মৃত্যুহার অনেক বেশি।
চিকিৎসা : হাসপাতালে ভর্তি, শিরাপথে স্যালাইন, ইনসুলিন ও কম আণবিক ওজনের হেপারিন প্রয়োগ।
হাইপোগ্লাইসেমিয়া : রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে নিচে নেমে যাওয়াকে হাইপোগ্লাইসেমিয়া বলে। সাধারণত রক্তে গ্লুকোজের পরিমাণ ৩ মিলিমোলের নিচে নেমে গেলে তাকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়।
উপসর্গ : মাথাব্যথা, বিভ্রান্তি, বুক ধড়ফড় করা, বেশি ক্ষুধা লাগা, বমি বমি ভাব, ঘাম ও উদ্বেগ হওয়া, অস্থিরতা, কাউকে চিনতে না পারা এবং অজ্ঞান হয়ে যাওয়া।
হাইপোগ্লাইসেমিয়ার কারণ : কোনো বেলার খাবার না খাওয়া, প্রয়োজনের অতিরিক্ত ডায়াবেটিসের ওষুধ কিংবা ইনসুলিন গ্রহণ করা এবং হঠাৎ করে অতিরিক্ত পরিশ্রম করা।
করণীয় : দ্রুত রোগীকে গ্লুকোজ খাওয়াতে হবে। গ্লুকোজ পাওয়া না গেলে চিনি বা মিষ্টিজাতীয় কিছু খাওয়াতে হবে। রোগী অজ্ঞান হলে কিংবা কোনোভাবেই খাওয়ানো সম্ভব না হলে যত দ্রুত সম্ভব শিরায় ২ অ্যাম্পুল ২৫ শতাংশ গ্লুকোজ ইনজেকশন দিতে হবে।
দীর্ঘমেয়াদি জটিলতা : ডায়াবেটিস রোগীদের একটি বড় অংশ নানা ধরনের দীর্ঘমেয়াদি জটিলতায় আক্রান্ত হন। এ রোগের জটিলতায় আক্রান্ত হয়ে অনেক মানুষ অসুস্থ অবস্থায় বেঁচে থাকেন। দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মানুষের মৃত্যুর আশঙ্কা বাড়ায়।
রক্তনালির পরিবর্তন : বড় রক্তনালিতে পরিবর্তনের কারণে হৃদ্?যন্ত্র, মস্তিষ্ক ও প্রান্তিক রক্তনালি আক্রান্ত হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগীর রক্তনালির ভেতরে চর্বির স্তর জমা হয়। রক্তনালির এ ধরনের পরিবর্তনকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলে। যাদের ডায়াবেটিস নেই, তাদের তুলনায় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এ পরিবর্তন কম বয়সে এবং বেশি তীব্রতায় দেখা দেয়। উচ্চ রক্তচাপ, ধূমপান এবং রক্তে লিপিড— এলডিএল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি থাকায় এ ঝুঁকি বাড়ে। ডায়াবেটিস রোগীর ধমনির গহ্বর সরু হয়ে যায়।
হৃদ্?রোগ : ডায়াবেটিস রোগীদের হৃদ্?রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ২ থেকে ৩ গুণ বেশি। এর ফলে হার্ট অ্যাটাক হয়, যাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে থাকি। এটি ডায়াবেটিস রোগীদের মৃত্যুর অন্যতম কারণ। তা ছাড়া ইস্কেমিক হার্ট ডিজিজের কারণে হৃদ্?যন্ত্রের পেশি দুর্বল হয়ে হার্ট ফেইলিউরও ডায়াবেটিস রোগীদের মধ্যে বেশি দেখা যায়। সাধারণত ইস্কেমিক হার্ট ডিজিজ হলে রোগীর তিনটি ধমনির মধ্যে যেকোনো একটি ব্লক হয়। কিন্তু ডায়াবেটিস রোগীদের এ রোগ হলে দেখা যায়, তিনটি ধমনিই ব্লক হয়ে গেছে। সে ক্ষেত্রে বাইপাস সার্জারি একমাত্র পথ। সমীক্ষায় দেখা গেছে, ৩০ থেকে ৪০ শতাংশ বাইপাস সার্জারি ডায়াবেটিসের কারণে হয়।
মস্তিষ্কের রোগ : স্ট্রোক বা পক্ষাঘাতের কারণে অনেকে অল্প বয়সে মৃত্যুবরণ করেন। আর যাঁরা বেঁচে থাকেন, তাদের অনেকেই পঙ্গু হয়ে জীবনযাপন করেন।
পায়ের রোগ : রক্ত চলাচল কমে যাওয়ার কারণে হাঁটতে গেলে পায়ে যন্ত্রণা হতে পারে। রক্ত চলাচল কমে যাওয়ার কারণে ড্রাই গ্যাংগ্রিন হতে পারে, যা পা কেটে ফেলার অন্যতম কারণ। ছোট রক্তনালিতে পরিবর্তনের কারণে যেসব জটিলতা দেখা দেয়— চোখে রেটিনোপ্যাথি। কিডনিতে নেফ্রোপ্যাথি। স্নায়ুতন্ত্রে নিউরোপ্যাথি।
চোখ : ডায়াবেটিসের কারণে চোখের রেটিনার সূক্ষ্ম রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হয়। এগুলো স্বাভাবিকের চেয়ে দুর্বল হয়ে পড়ে। নতুন রক্তনালি তৈরি হয়, যেগুলো খুব ভঙ্গুর। এসব রক্তনালি সহজেই ছিঁড়ে রেটিনায় রক্তক্ষরণ হতে পারে। রেটিনার সূক্ষ্ম রক্তনালি থেকে প্লাজমার একটি অংশ বেরিয়ে আসায় রেটিনায় পানি জমে। রক্তক্ষরণ বেশি হলে রক্ত চোখের ভিট্রিয়াস প্রকোষ্ঠে ছড়িয়ে যায় এবং হঠাৎ করে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে।
কিডনি : ডায়াবেটিসের কারণে কিডনি বিকল হওয়ার আশঙ্কা ২০ গুণ বেশি। কিডনির ছাঁকনি দুর্বল হয়ে যাওয়ার কারণে প্রথমে মাইক্রোঅ্যালবুমিন এবং পরে অ্যালবুমিন প্রস্রাবের সঙ্গে বের হতে থাকে। এভাবে ধীরে ধীরে কিডনি বিকল হওয়ার আশঙ্কা তৈরি হয়।
স্নায়ুর সমস্যা : প্রান্তিক স্নায়ুতন্ত্রের স্নায়ুর ওপরের আবরণী মাইলিন শিথ ক্ষতিগ্রস্ত হয়। প্রান্তিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে হাত-পায়ে জ্বালাপোড়া ও অবশভাব তৈরি হয়। অনেক সময় জুতা পা থেকে খুলে পড়ে গেলেও রোগী টের পান না। হাঁটতে গিয়ে পায়ে আঘাত পেলেও তা বুঝতে না পারার কারণে পায়ের ক্ষত বড় ও গভীর হয় এবং শুকাতে চায় না। ফলে পা কেটে ফেলতে হতে পারে। স্বয়ংক্রিয় স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে হৃদ্?যন্ত্র, পাকস্থলী ও যৌনসংক্রান্ত সমস্যা হতে পারে। যৌন সমস্যার মধ্যে রয়েছে ইরেকশন না হওয়া, অর্থাৎ লিঙ্গ শক্ত না হওয়া কিংবা শক্ত অবস্থা ধরে রাখতে না পারা।
বিভিন্ন ধরনের সংক্রমণ : যেকোনো সংক্রমণ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সারতে বেশি সময় লাগে। চিকিৎসাও দীর্ঘস্থায়ী হয়, খরচ বেশি লাগে এবং জটিলতাও বেশি দেখা দেয়। মহিলাদের জরায়ুমুখে ছত্রাকের সংক্রমণ বেশি হয়। ডায়াবেটিস রোগীদের পায়ের সমস্যা, পায়ে ক্ষত বা ঘা তৈরি হয়, যা সহজে ভালো হয় না। স্নায়ুজনিত সমস্যা ও প্রান্তিক রক্তপ্রবাহ কমে যাওয়ার কারণে অনেক সময় ক্ষত মারাত্মক আকার ধারণ করে গ্যাংগ্রিনে পরিণত হয়। তখন পা কেটে ফেলা (অ্যাম্পুটেশন) ছাড়া উপায় থাকে না।
আমাদের করণীয় : ডায়াবেটিস একটি নীরব ঘাতক। তাই ৪০ বছর বা তার বেশি বয়সী যেকোনো ব্যক্তির বছরে একবার ডায়াবেটিস আছে কি না, তা পরীক্ষা করা উচিত। এ ছাড়া উপসর্গ দেখা দিলে বা ঝুঁকি থাকলে এর আগেই পরীক্ষা করা প্রয়োজন। যাদের ঝুঁকি বেশি, যেমন—ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের ডায়াবেটিস রয়েছে, শারীরিক পরিশ্রম করেন না, অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন, অন্তঃসত্ত্বা নারী, হৃদ্?রোগে আক্রান্ত ব্যক্তি, যাদের রক্তে কোলেস্টেরল বেশি এবং উচ্চ রক্তচাপ ও স্থূলতায় আক্রান্ত ব্যক্তি—তাদের নিয়মিত পরীক্ষা করানো উচিত। জটিলতা কমাতে হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। টাইপ-১ ডায়াবেটিসের চিকিৎসায় খাদ্য নিয়ন্ত্রণ, ব্যায়াম ও ইনসুলিনের ব্যবহার আবশ্যক। টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসা ও প্রতিরোধের মধ্যে রয়েছে— স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। নিয়মিত শারীরিক ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণ। ধূমপান পরিহার। মুখে খাওয়ার ওষুধ গ্রহণ। প্রয়োজনে ইনসুলিন ব্যবহার। রক্তের গ্লুকোজের মাত্রা পরিমাপ ও পর্যবেক্ষণ এবং হিমোগ্লোবিন-এ১সি ৭-এর নিচে রাখা। রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করা। বছরে একবার চোখ পরীক্ষা করানো এবং চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। প্রতিদিন নিজের পায়ের প্রতি খেয়াল রাখা। পায়ে কোনো সমস্যা দেখা দিচ্ছে কি না, তা পরীক্ষা করা। নিয়মিত পায়ের যত্ন নেওয়া এবং কোনো অস্বাভাবিকতা দেখা দিলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। গর্ভকালীন ডায়াবেটিসের চিকিৎসায় খাদ্য নিয়ন্ত্রণ, ব্যায়াম, প্রয়োজনে ইনসুলিন এবং নিয়মিত পর্যবেক্ষণ জরুরি।
লেখক : অধ্যাপক, মেডিসিন বিভাগ। চেম্বার : আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা