প্রিন্ট সংস্করণ
০০:০০, ০২ সেপ্টেম্বর, ২০২৬
চিঠির সঙ্গে আমাদের পরিচয় আজকের মতো দ্রুতগতির নয়। একসময় দূরে থাকা প্রিয় মানুষটির কাছে নিজের কথা পৌঁছে দিতে হলে কাগজ-কলমের আশ্রয় নিতে হতো। মনের কথাগুলো যত্ন করে লিখে খামে ভরে ঠিকানা লিখতে হতো, তারপর অপেক্ষা করতে হতো ডাকপিয়নের। একটি চিঠি পৌঁছাতে কয়েক দিন, কখনও কয়েক সপ্তাহও লেগে যেত। তবু সেই দীর্ঘ অপেক্ষায় কোনো বিরক্তি ছিল না বরং অপেক্ষার প্রতিটি মুহূর্তে মিশে থাকত এক ধরনের ভালোবাসা ও প্রত্যাশা।
চিঠি শুধু যোগাযোগের মাধ্যম ছিল না, ছিল মানুষের অনুভূতি ধরে রাখার একটি মাধ্যম। পরিবারের কেউ দূরে থাকলে তার খবর জানতে চিঠির অপেক্ষা করা হতো। আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ, প্রিয় মানুষের খোঁজ নেওয়া কিংবা নিজের জীবনের ছোট-বড় ঘটনা জানানো-সবকিছুরই সাক্ষী ছিল চিঠি। একটি চিঠির জন্য অপেক্ষা করা মানে ছিল একজন মানুষকে মনে রাখা, তার কথা ভাবা এবং তার কাছে পৌঁছানোর জন্য সময় দেওয়া।
আর চিঠির সেই সময় দেওয়ার মধ্যেই ছিল তার সৌন্দর্য। চিঠির আরেকটি সৌন্দর্য ছিল-তার মধ্যে সময় দেওয়া থাকত। কাউকে চিঠি লেখা মানে তার জন্য কিছুটা সময় আলাদা করে রাখা। কী লিখব, কীভাবে লিখব, কোথা থেকে শুরু করব-ভাবতে হতো। ফলে একটি চিঠি শুধু কয়েকটি বাক্য ছিল না, এর সঙ্গে জড়িয়ে থাকত লেখকের সময়, মনোযোগ ও অনুভূতি। চিঠি হাতে পাওয়ার পরও তার গুরুত্ব শেষ হয়ে যেতো না। প্রাপক সেটি বারবার পড়ত,যত্ন করে তুলে রাখত। অনেক বছর পরও পুরনো চিঠির ভাঁজ খুললে ফিরে আসত কোনো একটি সময়, কোনো একজন মানুষ কিংবা একটি অনুভূতি।
কিন্তু সময় বদলেছে। প্রযুক্তির উন্নয়নে মানুষের যোগাযোগ ব্যবস্থা হয়েছে দ্রুত ও সহজ। এখন পৃথিবীর যেকোনো প্রান্তে থাকা মানুষের কাছে কয়েক সেকেন্ডের মধ্যেই খবর পৌঁছে দেওয়া সম্ভব। মুঠোফোন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম-সবকিছুই আমাদের হাতের নাগালে। কারও খবর নিতে এখন ডাকপিয়নের অপেক্ষা করতে হয় না, চিঠির উত্তর আসার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয় না।
তবু এই দ্রুত যোগাযোগের যুগেই একটি অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছে। আগে খবর পৌঁছাতে সময় লাগত কিন্তু মানুষ একে অপরের খবর রাখত। এখন খবর নেওয়ার সুযোগ হাতের মুঠোয় অথচ অনেক সময় আমরা আন্তরিকভাবে কারও খবরই নিই না। কারও সঙ্গে যোগাযোগ করার অসংখ্য মাধ্যম থাকা সত্ত্বেও তার মনের খবর জানার প্রয়োজনীয়তাটুকু যেন হারিয়ে ফেলছি।
সামাজিক যোগাযোগমাধ্যম এই পরিবর্তনটিকে আরও স্পষ্ট করে তুলেছে। আমরা প্রতিদিন অসংখ্য মানুষের জীবনের নানা মুহূর্ত দেখি। কেউ ঘুরতে যাচ্ছে, কেউ বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছে, কেউ সাফল্যের খবর দিচ্ছে, কেউ হাসিমুখের ছবি প্রকাশ করছে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা এই দৃশ্যগুলো আসলে একজন মানুষের জীবনের সম্পূর্ণ চিত্র নয়। মানুষ সাধারণত তার জীবনের সুন্দর মুহূর্তগুলোই সবার সামনে তুলে ধরে। তাই একটি হাসিমুখের ছবি দেখে আমরা সহজেই ধরে নিই-মানুষটি ভালো আছে।
কিন্তু সত্যিই কি সে ভালো আছে? হয়তো সেই হাসির আড়ালেও রয়েছে ক্লান্তি। হয়তো তার কোনো কথা বলার প্রয়োজন আছে অথচ বলার মতো মানুষ নেই। হয়তো সে চায় কেউ তার ছবি দেখে শুধু 'সুন্দর' না লিখে একবার ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করুক-তুমি সত্যিই কেমন আছ?
এই জায়গাতেই ডিজিটাল যোগাযোগের সীমাবদ্ধতা চোখে পড়ে। আমরা মানুষের জীবনের দৃশ্য দেখি, কিন্তু সবসময় তার অনুভূতির কাছে পৌঁছাতে পারি না। অনলাইনে শত শত মানুষের সঙ্গে যুক্ত থেকেও একজন মানুষ ভেতরে ভেতরে একা হয়ে যেতে পারে। কারণ মানুষের প্রয়োজন শুধু যোগাযোগ নয়, প্রয়োজন বোঝাপড়া, মনোযোগ এবং আন্তরিকতা।
একটি 'লাইক' কাউকে মুহূর্তের জন্য আনন্দ দিতে পারে, একটি ইমোজি কথোপকথন চালিয়ে নিতে পারে কিন্তু সবসময় তা একজন মানুষের প্রয়োজনীয় মানসিক উপস্থিতির বিকল্প হতে পারে না। কখনও কখনও একজন মানুষের পাশে থাকার অর্থ শুধু তার পোস্টে প্রতিক্রিয়া জানানো নয় বরং তার নীরবতার কারণ জানতে চাওয়া।
চিঠির যুগে যোগাযোগ ছিল ধীর কিন্তু সেই ধীরতার মধ্যেই মানুষ সম্পর্ককে সময় দিত। এখন যোগাযোগ দ্রুত, কিন্তু সেই দ্রুততার সঙ্গে আমরা অনেক সময় সম্পর্ককেও তাড়াহুড়োর মধ্যে নিয়ে এসেছি। কেমন আছ? এর উত্তরে ভালো আছি শুনেই কথোপকথন শেষ হয়ে যায়। উত্তর পাওয়া যায়, কিন্তু উত্তরের ভেতরের সত্যিটা জানার চেষ্টা সবসময় করা হয় না।
হয়তো এ কারণেই আজকের সময়ে চিঠির কথা মনে পড়লে এক ধরনের বিষণ্নতা তৈরি হয়। চিঠি হারিয়ে যাওয়ার জন্য নয়, বরং চিঠির সঙ্গে হারিয়ে যাওয়া কিছু মানবিক অভ্যাসের জন্য। অপেক্ষা করার অভ্যাস, মন দিয়ে কথা শোনার অভ্যাস, কাউকে মনে করে সময় দেওয়ার অভ্যাস-এসবও যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
তবে চিঠিকে ফিরিয়ে আনা সম্ভব না হলেও চিঠির সেই আন্তরিকতাকে ফিরিয়ে আনা সম্ভব। প্রযুক্তিকে বাদ দেওয়ার প্রয়োজন নেই বরং প্রযুক্তির মধ্যেই সম্পর্কের জন্য একটু বেশি জায়গা তৈরি করা প্রয়োজন। ব্যস্ততার মধ্যেও প্রিয় মানুষটির খবর নেওয়া, দীর্ঘদিন কথা না হওয়া বন্ধুকে একটি ফোন করা, কারও আচরণে অস্বাভাবিকতা দেখলে সত্যি করে জিজ্ঞেস করা তার কি সমস্যা বা তার কি কিছু হয়েছে কি না-এসব ছোট ছোট কাজই সম্পর্ককে জীবন্ত রাখে।
১ সেপ্টেম্বর চিঠি দিবস। চিঠি দিবস তাই শুধু পুরোনো একটি যোগাযোগব্যবস্থাকে স্মরণ করার দিন নয় বরং আমাদের যোগাযোগের ধরন নিয়ে ভাবারও একটি সুযোগ। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও করে- যোগাযোগ কি সত্যিই বেড়েছে নাকি শুধু যোগাযোগের মাধ্যম?
প্রযুক্তি আমাদের মানুষের কাছে দ্রুত পৌঁছানোর ক্ষমতা দিয়েছে, কিন্তু মানুষের মনের কাছে পৌঁছানোর দায়িত্ব এখনও আমাদেরই। একসময় চিঠি পৌঁছাতে দেরি হতো, কিন্তু মানুষ অপেক্ষা করত। আজ বার্তা পৌঁছাতে সময় লাগে না, তবু অনেক মানুষ অপেক্ষা করে-কেউ একজন সত্যিকারের খবর নেবে, মন দিয়ে শুনবে, তার ভালো থাকার আড়ালের কথাটুকুও জানতে চাইবে।
চিঠির যুগ হয়তো আর ফিরে আসবে না। ডাকপিয়নের অপেক্ষা, খামের ভাঁজ কিংবা হাতের লেখায় জমে থাকা অনুভূতিও হয়তো ধীরে ধীরে স্মৃতির অংশ হয়ে যাবে। কিন্তু মানুষের প্রতি মানুষের যত্ন যেন স্মৃতি হয়ে না যায়। কারণ সময়ের সঙ্গে যোগাযোগের মাধ্যম বদলেছে, মানুষের অনুভূতির প্রয়োজন বদলায়নি। আর শেষ পর্যন্ত, যোগাযোগের সবচেয়ে বড় সৌন্দর্য দ্রুত পৌঁছানোতে নয়- আন্তরিকভাবে পৌঁছাতে পারায়।
লেখক : শিক্ষার্থী, দর্শন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।