প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বঙ্গোপসাগর শুধু বাংলাদেশের ভৌগোলিক সীমানার অংশ নয়; এটি দেশের খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান এবং নীল অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। উপকূলীয় লাখো মানুষের জীবিকা এ সমুদ্রকেন্দ্রিক মৎস্যসম্পদের ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বৈজ্ঞানিক জরিপ ও মাঠপর্যায়ের বাস্তবতা উদ্বেগজনক একটি বার্তা দিচ্ছে— বঙ্গোপসাগরের মাছের মজুদ দ্রুত হ্রাস পাচ্ছে, যা শুধু একটি পরিবেশগত সংকট নয়; এটি একটি অর্থনৈতিক, সামাজিক এবং খাদ্যনিরাপত্তাজনিত সংকটে রূপ নিতে পারে।
সম্প্রতি প্রকাশিত একটি সমন্বিত মৎস্যসম্পদ জরিপের বিশ্লেষণে দেখা গেছে, উপকূলীয় মৎস্য আহরণের অন্যতম ভিত্তি হিসেবে পরিচিত ছোট পেলাজিক মাছের মজুত মাত্র ৭ বছরে প্রায় ৭৮.৬ শতাংশ কমে গেছে। ২০১৮ সালে যেখানে এ মাছের আনুমানিক মজুত ছিল ১,৫৮,১০০ টন, সেখানে ২০২৫ সালে তা নেমে এসেছে মাত্র ৩৩,৮১১ টনে। এত অল্প সময়ে এত বড় পতন স্বাভাবিক প্রাকৃতিক ওঠানামা দিয়ে ব্যাখ্যা করা যায় না; বরং এটি দীর্ঘদিন ধরে চলমান পরিবেশগত অবক্ষয় এবং দুর্বল সম্পদ ব্যবস্থাপনার প্রতিফলন।
এ সংকটের গুরুত্ব আরও স্পষ্ট হয় যখন আমরা বাংলাদেশের খাদ্যব্যবস্থায় সামুদ্রিক মৎস্যসম্পদের অবদান বিবেচনা করি। মৎস্য অধিদপ্তরের (২৬ জুন ২০২৫) তথ্য অনুযায়ী, দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ১২-১৫ শতাংশ আসে বঙ্গোপসাগর থেকে। অন্যদিকে, বাংলাদেশে প্রাণিজ আমিষ গ্রহণের প্রায় ৬০ শতাংশের উৎস মাছ। ফলে সামুদ্রিক মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেলে এর প্রভাব শুধু জেলে সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং জাতীয় পুষ্টি, খাদ্যনিরাপত্তা, রপ্তানি আয় এবং সামগ্রিক অর্থনীতির ওপরও এর নেতিবাচক প্রভাব পড়বে। প্রশ্ন হলো, কেন এ পরিস্থিতির সৃষ্টি : প্রথমত, অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরের মৎস্যসম্পদের ওপর প্রবল চাপ সৃষ্টি করেছে। প্রজনন মৌসুমে মাছ ধরা, নিষিদ্ধ জালের ব্যবহার এবং অপরিণত মাছ আহরণ বহু গুরুত্বপূর্ণ প্রজাতির স্বাভাবিক প্রজননচক্রকে ব্যাহত করেছে। মৎস্যসম্পদের পুনরুৎপাদনের সক্ষমতা যখন আহরণের চেয়ে কমে যায়, তখন সম্পদের দ্রুত অবক্ষয় অনিবার্য হয়ে ওঠে।
দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তন সামুদ্রিক বাস্তুতন্ত্রে গভীর প্রভাব ফেলছে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি, পানির স্তরে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস এবং সমুদ্রস্রোতের পরিবর্তন বহু মাছের আবাসস্থল, খাদ্য সংগ্রহ এবং প্রজনন আচরণকে প্রভাবিত করছে। গবেষকরা মনে করছেন, এই পরিবর্তনের ফলে অনেক বাণিজ্যিক মাছ গভীর সমুদ্রের দিকে সরে যাচ্ছে, আবার কিছু প্রজাতির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। এর পাশাপাশি পরিবর্তিত পরিবেশ জেলিফিশের মতো সুযোগসন্ধানী প্রাণীর বিস্তারে সহায়ক ভূমিকা রাখছে। জেলিফিশ মাছের ডিম ও রেণু খেয়ে ফেলে, ফলে নতুন প্রজন্মের মাছের সংখ্যা কমে যায়। একই সঙ্গে সামুদ্রিক কচ্ছপের মতো প্রাকৃতিক শিকারির সংখ্যা হ্রাস পাওয়ায় জেলিফিশের বিস্তার আরও বেড়ে যাচ্ছে, যা সামুদ্রিক খাদ্যজালের ভারসাম্যকে বিঘ্নিত করছে।
তৃতীয়ত, সামুদ্রিক দূষণ এখন আর উপেক্ষা করার মতো বিষয় নয়। শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য, কৃষিতে ব্যবহৃত রাসায়নিক, প্লাস্টিক বর্জ্য এবং নদীবাহিত দূষক পদার্থ শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে গিয়ে জমা হচ্ছে। এর ফলে মাছের স্বাভাবিক বৃদ্ধি, প্রজনন, রোগ প্রতিরোধক্ষমতা এবং সামুদ্রিক জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে খাদ্যশৃঙ্খলে দূষকের প্রবেশ জনস্বাস্থ্যের জন্যও দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করছে। এ সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ সামাজিক দিক হলো— উপকূলীয় জেলে সম্প্রদায়ের জীবিকা। সাম্প্রতিক মাঠপর্যায়ের তথ্য বলছে, মাছের আহরণ কমে যাওয়ায় অনেক জেলে ঋণের বোঝা বাড়ছে। অতীতে যে মৌসুমে পর্যাপ্ত মাছ পাওয়া যেত, এখন সেই সময়েও কাঙ্ক্ষিত আহরণ হচ্ছে না। অন্যদিকে জ্বালানি, বরফ, শ্রম এবং অন্যান্য পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় মাছ ধরার খরচও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাজারে মাছের দাম কিছুটা বাড়লেও তা উৎপাদন হ্রাসজনিত আর্থিক ক্ষতি পূরণ করার জন্য যথেষ্ট নয়।
এখন প্রশ্ন হলো সমাধান : এ সংকটের সমাধান কোনো একক পদক্ষেপের মাধ্যমে সম্ভব নয়। প্রথমত, বৈজ্ঞানিক তথ্যভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। নিয়মিত স্টক মূল্যায়ন, প্রজাতিভিত্তিক আহরণসীমা নির্ধারণ এবং প্রজননক্ষেত্র সংরক্ষণকে নীতিগত অগ্রাধিকার দিতে হবে।
দ্বিতীয়ত, অবৈধ, অনিয়ন্ত্রিত ও অনিবন্ধিত মৎস্য আহরণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আধুনিক নজরদারি প্রযুক্তি, কার্যকর আইন প্রয়োগ এবং সমুদ্রে পর্যাপ্ত মনিটরিং ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়।
তৃতীয়ত, নদী ও সমুদ্র দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। শিল্পবর্জ্য পরিশোধন বাধ্যতামূলক করা, প্লাস্টিক দূষণ কমানো এবং উপকূলীয় পরিবেশ সংরক্ষণকে উন্নয়ন পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা জরুরি। চতুর্থত, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজনভিত্তিক মৎস্যনীতি প্রণয়ন করতে হবে। সমুদ্রের তাপমাত্রা, অক্সিজেনের মাত্রা এবং মাছের বিচরণ সম্পর্কে দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে।
সবশেষে, মাছ সংরক্ষণ নীতির সঙ্গে জেলে সম্প্রদায়ের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকল্প জীবিকার সুযোগ, সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ এবং নিষেধাজ্ঞাকালীন পর্যাপ্ত সহায়তা নিশ্চিত না হলে সংরক্ষণ কার্যক্রম দীর্ঘমেয়াদে টেকসই হবে না। বঙ্গোপসাগরের বর্তমান সংকট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি আমাদের উন্নয়ন পরিকল্পনা, পরিবেশ ব্যবস্থাপনা এবং সম্পদ ব্যবহারের সীমাবদ্ধতার একটি স্পষ্ট সতর্কবার্তা। আজ যদি বৈজ্ঞানিক প্রমাণকে গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয়, তবে ভবিষ্যতে এ সংকট আরও গভীর হবে। একটি সমৃদ্ধ বঙ্গোপসাগর শুধু উপকূলীয় জনগোষ্ঠীর জন্য নয়, বরং বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, অর্থনীতি এবং টেকসই উন্নয়নের জন্যও অপরিহার্য। তাই সময় এসেছে স্বল্পমেয়াদি লাভের পরিবর্তে দীর্ঘমেয়াদি সম্পদ সংরক্ষণকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করার।
লেখক : প্রভাষক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়