প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৪ নভেম্বর, ২০২৬
রাজনীতি শুধু সংসদ, নির্বাচনী প্রচার, ক্ষমতার পালাবদল কিংবা রাষ্ট্র পরিচালনার আনুষ্ঠানিক বিবরণের মধ্যে সীমাবদ্ধ নয়। রাজনীতির আরেকটি জগৎ আছে, যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে। সেখানে থাকে ক্ষমতার দ্বন্দ্ব, নেতৃত্বের সংকট, পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, রাজনৈতিক সিদ্ধান্তের নেপথ্য কারণ, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, বিশ্বাসঘাতকতা, ভয়, বেদনা ও নানা অজানা ঘটনা। ইতিহাসের বইয়ে সাধারণত এসবের সামান্যই জায়গা পায়। রাজনীতিবিদদের আত্মজীবনী সেই অদেখা জগতের দরজা খুলে দেয়। ভারতের রাজনীতির দীর্ঘ কয়েক দশকের অভিজ্ঞতা নিয়ে সোনিয়া গান্ধীর সদ্যপ্রকাশিত আত্মজীবনী Belonging: A Journey of Love সে কারণেই বিশেষ আগ্ররে জন্ম দিয়েছে। ৫৪৪ পৃষ্ঠার এ বই প্রকাশিত হয়েছে ১০ নভেম্বর ২০২৬। ইতালির একটি সাধারণ পরিবারে জন্ম নেওয়া এক নারী কীভাবে ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হলেন, কীভাবে ব্যক্তিগত শোক ও বিপর্যয় তাকে রাজনীতির কেন্দ্রে নিয়ে এল এবং কীভাবে তিনি কয়েক দশক ধরে ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহের সঙ্গে যুক্ত থাকলেন, বইটির মূল আখ্যান তারই বিবরণ। তবে এটি শুধু একজন নারীর ব্যক্তিজীবনের গল্প নয়। এর ভেতর দিয়ে উঠে এসেছে স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
সোনিয়া গান্ধীর অবস্থান বুঝতে হলে নেহরু-গান্ধী পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার বিবেচনায় নিতে হবে। জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তার কন্যা ইন্দিরা গান্ধী দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করেছেন। ইন্দিরার ছেলে রাজীব গান্ধীও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সেই পরিবারের পুত্রবধূ সোনিয়া গান্ধী নিজে প্রধানমন্ত্রী না হয়েও ভারতের রাজনীতিতে এমন প্রভাব বিস্তার করেছেন, যা সমসাময়িক অনেক রাষ্ট্রনেতার সঙ্গেও তুলনীয়।
১৯৬৮ সালে রাজীব গান্ধীর সঙ্গে বিবাহসূত্রে ভারতে আসেন সোনিয়া। রাজনীতির প্রতি তার বিশেষ আগ্রহ ছিল না। বরং দীর্ঘদিন তিনি নিজেকে রাজনীতির প্রচার-প্রকাশ থেকে দূরে রেখেছেন। কিন্তু ইতিহাস সব সময় ব্যক্তির ইচ্ছা অনুযায়ী চলে না। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড এবং ১৯৯১ সালে রাজীব গান্ধীর হত্যাকাণ্ড তার ব্যক্তিজীবনকে আমূল বদলে দেয়। একের পর এক ভয়াবহ রাজনৈতিক হত্যাকাণ্ডের সাক্ষী হয়ে তিনি এমন এক বাস্তবতার মুখোমুখি হন, যেখানে ব্যক্তিগত শোক আর রাজনৈতিক উত্তরাধিকার আলাদা রাখা কঠিন য়ে পড়ে।
১৯৯৮ সালে কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন সোনিয়া। তখন দলটি সাংগঠনিক ও রাজনৈতিক সংকটে বিপর্যস্ত। বিদেশে জন্ম নেওয়ার কারণে তার ভারতীয় নাগরিকত্ব ও রাজনৈতিক যোগ্যতা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছিল। ভাষাগত সীমাবদ্ধতা, রাজনৈতিক অনভিজ্ঞতা এবং দলীয় অভ্যন্তরীণ বিরোধের মধ্যেও তিনি কংগ্রেসকে সংগঠিত করার চেষ্টা করেন। তার নেতৃত্বে ২০০৪ সালের নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসে। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েও তিনি সেই পদ গ্রহণ করেননি। মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত ভারতীয় রাজনীতির অন্যতম আলোচিত ঘটনা। এ সিদ্ধান্তের পেছনের যুক্তি ও রাজনৈতিক বিবেচনা নিয়েও আত্মজীবনীতে তার বক্তব্য পাঠকের আগ্রহের বিষয়।
সোনিয়া গান্ধীর রাজনৈতিক গুরুত্ব এখানেই যে, তিনি দীর্ঘদিন ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন এবং দলটির ক্ষমতায় প্রত্যাবর্তন ও পরবর্তী রাজনৈতিক অবস্থান নির্ধারণে বড় ভূমিকা রেখেছেন। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় তার রাজনৈতিক প্রভাব নিয়ে বহু আলোচনা ও বিতর্ক হয়েছে। তাকে কখনো পর্দার আড়ালের ক্ষমতাকেন্দ্র হিসেবে দেখা হয়েছে, কখনও দল ও সরকারের মধ্যে সমন্বয়কারী হিসেবে। মনমোহন সিংয়ের সরকার পরিচালনায় তার ভূমিকা নিয়ে যে প্রশ্নগুলো দীর্ঘদিন ধরে আলোচিত, আত্মজীবনীতে সেসবের জবাব দেওয়ার চেষ্টা করেছেন তিনি।
বইটির ঐতিহাসিক গুরুত্ব আরও কয়েকটি কারণে। ইমার্জেন্সি বা জরুরি অবস্থা, অপারেশন ব্লু স্টার, ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড, বাবরি মসজিদ ধ্বংস, রাজীব গান্ধীর হত্যাকাণ্ড, কংগ্রেসের রাজনৈতিক উত্থান-পতন এবং নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির উত্থান, এসব ঘটনার অনেকগুলোর সঙ্গে সোনিয়া গান্ধী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন। জরুরি অবস্থাকে তিনি ভুল সিদ্ধান্ত হিসেবে দেখেছেন। বাবরি মসজিদ ধ্বংসকে ভারতের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেছেন। সমসাময়িক ভারতীয় রাজনীতিতে ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও বিরোধী দলের প্রতি আচরণ নিয়েও তার মূল্যায়ন রয়েছে।
বিশেষ করে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে বিরোধী রাজনীতির সম্পর্ক, গণমাধ্যমের স্বাধীনতা এবং রাজনৈতিক মতপ্রকাশের পরিবেশ নিয়ে তার বক্তব্য আলোচনার জন্ম দিয়েছে। বইটির ভারতীয় সংস্করণ প্রকাশ নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। প্রথমে পেঙ্গুইন র্যান্ডম হাউস বইটি প্রকাশের দায়িত্বে থাকলেও শেষ পর্যন্ত তারা সরে দাঁড়ায়। পরে হার্পারকলিন্স ভারতীয় সংস্করণ প্রকাশ করে। সম্পাদনা ও কিছু বক্তব্য বাদ দেওয়া নিয়ে লেখকপক্ষের সঙ্গে প্রকাশকের মতপার্থক্যের খবর প্রকাশিত হয়েছে। এ ঘটনাও বইটির বিষয়বস্তুর বাইরে গিয়ে ভারতের সমকালীন রাজনৈতিক ও প্রকাশনা-পরিবেশ সম্পর্কে নতুন প্রশ্ন তুলেছে।
বিশ্ব রাজনীতিতে আত্মজীবনী লেখার একটি দীর্ঘ ও সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। রাষ্ট্রনায়ক ও রাজনৈতিক নেতারা তাদের জীবনের অভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত এবং সমসাময়িক রাজনৈতিক ঘটনাবলি নিয়ে স্মৃতিকথা লিখেছেন। এসব বই শুধু ব্যক্তিগত জীবনকাহিনি নয়, অনেক সময় হয়ে উঠেছে ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান।
উইনস্টন চার্চিলের ছয় খণ্ডের The Second World War দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজনৈতিক ও সামরিক ইতিহাস বোঝার অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ। নেলসন ম্যান্ডেলার Long Walk to Freedom দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী সংগ্রাম, কারাবাস ও গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসের এক অসাধারণ ব্যক্তিগত দলিল। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার A Promised Land বইয়ে হোয়াইট হাউসের ভেতরের সিদ্ধান্ত গ্রহণ, আন্তর্জাতিক সম্পর্ক এবং তার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা উঠে এসেছে। বিল ক্লিনটনের My Life মিশেল ওবামার Becoming কিংবা জার্মানির সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের Freedom বইগুলোও রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের পাঠকদের কাছে গুরুত্বপূর্ণ।
ভারতেও এ ধারার সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। জওহরলাল নেহরুর An Autobiography শুধু তার ব্যক্তিগত জীবন নয়, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, স্বাধীনতা আন্দোলন এবং ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ বোঝার জন্য গুরুত্বপূর্ণ। এ ছাড়া ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির The Coalition Years ও The Presidential Years রাজনৈতিক ক্ষমতার অভ্যন্তরীণ সমীকরণ এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা জানার সুযোগ করে দিয়েছে। এসব বইয়ের সঙ্গে সোনিয়া গান্ধীর আত্মজীবনীর একটি মৌলিক পার্থক্য রয়েছে। তিনি দীর্ঘদিন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে না থেকেও ক্ষমতার কেন্দ্রের অত্যন্ত কাছাকাছি অবস্থান করেছেন। ফলে তার বর্ণনায় রাজনীতি, পরিবার ও ক্ষমতার সম্পর্ক একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ রয়েছে।
রাজনীতিবিদেরা কেন আত্মজীবনী লেখেন? এর পেছনে একাধিক কারণ কাজ করে। প্রথমত, ইতিহাসে নিজের অবস্থান ও ভূমিকা ব্যাখ্যা করার আকাঙ্ক্ষা। রাজনৈতিক জীবনে একজন নেতাকে অসংখ্য সিদ্ধান্ত নিতে হয়। সব সিদ্ধান্তের পেছনের যুক্তি সাধারণ মানুষ জানতে পারে না। ক্ষমতা থেকে সরে আসার পর কিংবা রাজনৈতিক জীবনের একটি দীর্ঘ অধ্যায় শেষে তারা সেই ব্যাখ্যা দেওয়ার সুযোগ পান। দ্বিতীয়ত, সমালোচনা ও অভিযোগের জবাব দেওয়ার প্রবণতা। অনেক নেতা মনে করেন, তাদের সম্পর্কে অন্যরা যে ইতিহাস লিখছেন, তার বাইরে নিজেদের বক্তব্যও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছানো প্রয়োজন। তৃতীয়ত, উত্তরাধিকার ও রাজনৈতিক দর্শন তুলে ধরার তাগিদ। তাদের অভিজ্ঞতা থেকে ভবিষ্যৎ রাজনীতিবিদ ও গবেষকেরা শিক্ষা নিতে পারেন।
তবে আত্মজীবনীকে ইতিহাসের নিরপেক্ষ বিবরণ বলে ধরে নেওয়ার সুযোগ নেই। লেখক নিজের দৃষ্টিভঙ্গি থেকেই অতীতকে দেখেন। কোথাও স্মৃতির সীমাবদ্ধতা থাকে, কোথাও রাজনৈতিক অবস্থান, আত্মপক্ষসমর্থন কিংবা কিছু ঘটনা এড়িয়ে যাওয়ার প্রবণতা কাজ করে। একজন রাজনীতিবিদ নিজের ব্যর্থতার ব্যাখ্যা যেভাবে দেন, তার প্রতিপক্ষ হয়তো সেটিকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখবেন। তাই আত্মজীবনী ইতিহাসের গুরুত্বপূর্ণ উৎস হলেও অন্য দলিল, সংবাদপত্র, সমসাময়িক ব্যক্তিদের বক্তব্য এবং গবেষণার সঙ্গে মিলিয়ে পড়া প্রয়োজন।
সোনিয়া গান্ধীর Belonging : A Journey of Love প্রকাশের তাৎপর্যও এই জায়গায়। তিনি ভারতের রাজনীতির এমন একটি সময়ের সাক্ষী, যখন নেহরুর ধর্মনিরপেক্ষ রাষ্ট্রচিন্তা, ইন্দিরা গান্ধীর কর্তৃত্ববাদী শাসন, রাজীব গান্ধীর আধুনিকায়নের আকাঙ্ক্ষা, কংগ্রেসের দীর্ঘ রাজনৈতিক আধিপত্য, আঞ্চলিক দলগুলোর উত্থান এবং বিজেপির ক্ষমতায় আসার মধ্য দিয়ে ভারতীয় রাজনীতির চরিত্র বদলে গেছে। এ পরিবর্তনের ভেতরে তার নিজের জীবনও বদলেছে। একজন বিদেশি তরুণী থেকে ভারতের রাজনৈতিক পরিবারের সদস্য, সেখান থেকে কংগ্রেসের সভাপতি এবং জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠার অভিজ্ঞতা নিঃসন্দেহে ব্যতিক্রমী।
তার বর্ণনার সঙ্গে পাঠকের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। তার সব বক্তব্য যে প্রশ্নাতীত সত্য, তা-ও নয়। কিন্তু একজন প্রত্যক্ষ অংশগ্রহণকারীর স্মৃতিতে ক্ষমতার অন্দরমহলের যেসব ঘটনা উঠে আসে, সেগুলো ইতিহাসের অনুসন্ধিৎসু পাঠকের কাছে মূল্যবান। বিশেষ করে যেসব ঘটনা এত দিন রাজনৈতিক মহলের আলোচনা, সংবাদমাধ্যমের প্রতিবেদন কিংবা পরোক্ষ সূত্রের ওপর নির্ভর করে জানা গেছে, সেগুলোর নতুন ব্যাখ্যা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
রাজনীতির ইতিহাস শুধু বিজয়ীদের লেখা ইতিহাস নয়। সেখানে পরাজিতদের অভিজ্ঞতা, সিদ্ধান্ত গ্রহণকারীদের দ্বিধা, ব্যক্তিগত সম্পর্কের প্রভাব এবং ক্ষমতার অন্তর্দ্বন্দ্বও সমান গুরুত্বপূর্ণ। সোনিয়া গান্ধীর আত্মজীবনী সেই অদেখা ইতিহাসের কিছু দরজা খুলে দিয়েছে। বইটি নিয়ে বিতর্ক হবে, তার বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠবে, রাজনৈতিক পক্ষ-বিপক্ষ নিজেদের মতো করে ব্যাখ্যা দেবে। সেটাই স্বাভাবিক। কিন্তু একটি বিষয় নিশ্চিত, ভারতের সমকালীন রাজনৈতিক ইতিহাস নিয়ে যারা জানতে চান, তাদের জন্য এ বই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
শেষ পর্যন্ত একজন রাজনীতিবিদের আত্মজীবনীর সবচেয়ে বড় সার্থকতা হলো, সেটি পাঠককে শুধু অতীতের ঘটনা জানায় না, বরং সেই ঘটনার পেছনের মানুষটিকেও চিনতে সাহায্য করে। সোনিয়া গান্ধীর Belonging : A Journey of Love ভারতের রাজনীতির সেই মানুষ ও সময়কে নতুন করে দেখার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
লেখক : প্রকাশক ও কলাম লেখক