ঢাকা রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

স্বাস্থ্য খাতে জনবল নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে

স্বাস্থ্য খাতে জনবল নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে

দেশের স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়নে অবকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তির ব্যবহার যেমন জরুরি, তেমনি প্রয়োজন দক্ষ ও পর্যাপ্ত জনবল। হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করলেই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হয় না। সেগুলো পরিচালনা ও রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়ার জন্য দক্ষ জনবল থাকা অপরিহার্য। এ বাস্তবতায় প্রায় ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের সরকারের পরিকল্পনা ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হওয়ার দাবি রাখে। পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট এবং ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হতে পারে। পাশাপাশি বিভিন্ন পদে আরও প্রায় ৩ হাজার কর্মী নিয়োগের প্রস্তুতির কথা জানা গেছে। সব মিলিয়ে প্রায় ১০ হাজার পদে বড় পরিসরে নিয়োগের উদ্যোগ দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় জনবলসংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্যসেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। রোগ নির্ণয়ের জন্য পরীক্ষাগার পরিচালনা, বিভিন্ন চিকিৎসা পরীক্ষার ফল নির্ভুলভাবে প্রস্তুত করা এবং ওষুধ ব্যবস্থাপনায় তাদের ভূমিকা অপরিসীম। প্রয়োজনীয় জনবল না থাকলে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাসেবার সক্ষমতা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছানো কঠিন।

তবে নিয়োগের পরিকল্পনা গ্রহণের পাশাপাশি শূন্য পদের সঠিক সংখ্যা নির্ধারণ করাও জরুরি। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে কারিগরি ত্রুটির কারণে অসংগতি থাকায় প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ তথ্য চাওয়ার বিষয়টি ইতিবাচক। কারণ ভুল বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে নিয়োগের চাহিদা নির্ধারণ করা হলে কোনো প্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় বেশি, আবার কোনো প্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় কম জনবল নিয়োগের আশঙ্কা থাকে। তাই মাঠপর্যায়ের প্রকৃত চাহিদা যাচাই করে পদভিত্তিক ও এলাকাভিত্তিক জনবল পরিকল্পনা করা প্রয়োজন। একই সঙ্গে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগ্যতা ও মেধার যথাযথ মূল্যায়ন। সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে বিভিন্ন সময়ে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ জনমনে উদ্বেগ তৈরি করে। এ ধরনের অভিযোগ থেকে নিয়োগ প্রক্রিয়াকে মুক্ত রাখতে শুরু থেকেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিকেল পদে নিয়োগের জন্য বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন, জনপ্রশাসন, অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং লিখিত পরীক্ষায় সরকারি কর্ম কমিশনের মানদণ্ড অনুসরণের বিষয়টিও আশাব্যঞ্জক। তবে শুধু কমিটি গঠন কিংবা পরীক্ষার নীতিমালা নির্ধারণ করলেই স্বচ্ছতা নিশ্চিত হবে না। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে আবেদন গ্রহণ, পরীক্ষা আয়োজন, উত্তরপত্র মূল্যায়ন, ফল প্রকাশ এবং চূড়ান্ত নিয়োগ পর্যন্ত প্রতিটি ধাপে জবাবদিহি থাকতে হবে। কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, আর্থিক লেনদেন কিংবা ব্যক্তিগত সুপারিশ যেন যোগ্য প্রার্থীদের বঞ্চিত করতে না পারে, তা নিশ্চিত করা জরুরি। নিয়োগসংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যকর ব্যবস্থাও থাকা প্রয়োজন। স্বাস্থ্য খাতের উন্নয়নে শুধু নতুন জনবল নিয়োগই যথেষ্ট নয়; বিদ্যমান জনবলের দায়িত্বশীলতা এবং চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহারও নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অব্যবহৃত ও অচল যন্ত্রপাতি কার্যকর করা এবং সময়মতো মেরামতের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দাপ্তরিক নথিপত্র দ্রুত নিষ্পত্তি এবং কেন্দ্রীয় যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থার কার্যক্রম শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল হতে পারে। তবে এ ক্ষেত্রে নিয়মিত তদারকি ও কার্যকর জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ যথাযথ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তা যেন প্রশাসনিক প্রভাবের কারণে চাপা না পড়ে। একই সঙ্গে অভিযোগ প্রমাণের আগে কাউকে অপরাধী হিসেবে বিবেচনা না করে ন্যায়সংগত তদন্তের সুযোগ নিশ্চিত করতে হবে।

সরকারের প্রায় ১০ হাজার পদে নিয়োগের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি করবে। তবে এ উদ্যোগের সাফল্য নির্ভর করবে নিয়োগের গতি, স্বচ্ছতা, জনবল বণ্টন এবং কর্মক্ষেত্রে তাদের দক্ষ ব্যবহারের ওপর। শুধু নিয়োগের ঘোষণা নয়, নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে তাদের যথাযথ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, স্বাস্থ্যসেবা কোনো সাধারণ প্রশাসনিক কার্যক্রম নয়; এর সঙ্গে মানুষের জীবন ও নিরাপত্তা সরাসরি জড়িত। তাই জনবল নিয়োগে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করাই হোক সরকারের প্রধান অগ্রাধিকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত