
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে সাম্মত আলী (৬০) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকঢাকিরকান্দা গ্রামে শনিবার এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার চকঢাকিরকান্দা গ্রামের আব্দুল আজিতের পুত্র সাম্মত আলী বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে নিখোঁজ হন।
গতকাল শনিবার সকালে বাড়ি সংলগ্ন একটি ডোবার কচুরিপানার নিচে স্থানীয়রা তার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। নিহতের গলাকাটাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ- পাশের বাড়ির আজিজুর রহমানের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ ছিল। প্রতিপক্ষ হত্যা করে লাশ গুম করেছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ আজিজুর রহমানসহ ৪ জনকে আটক করেছেন। ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।